আতলেতিকো থেকে মানজুকিচকে নিল ইউভেন্তুস
আগামী মৌসুম সামনে রেখে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে ইউভেন্তুস। সেরি আর এই সফলতম দলটি আক্রমণভাগের শক্তি বাড়াতে এবার আতলেতিকো মাদ্রিদের তারকা মারিও মানজুকিচকে দলে টেনেছে।
ইউভেন্তুস সোমবার জানায়, ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মানজুকিচকে তুরিনে আনতে তাদের ব্যয় হচ্ছে এক কোটি নব্বই লাখ ইউরো। এই অর্থ তিন কিস্তিতে পরিশোধের ব্যাপারে আতলেতিকোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। চুক্তি অনুযায়ী, মানজুকিচের পারফরম্যান্সের ওপর নির্ভর করে ব্যয় আরও ২০ লাখ ইউরো বাড়তে পারে বলে জানায় সেরি আর বর্তমান চ্যাম্পিয়নরা।
বায়ার্ন মিউনিখ ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া মানজুকিচ গত মৌসুমে স্পেনের দলটির হয়ে ৪৩ ম্যাচ খেলে ২০ গোল করেন।
মানজুকিচ আসায় ইউভেন্তুসের আক্রমণভাগের শক্তি আরও বাড়ল। ক’দিন আগেই তারা পালেরমোর কাছ থেকে আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দাইবালাকে দলে টেনেছে। আগে থেকেই দলে ছিলেন কার্লোস তেভেজ ও আলভারো মোরাতা।
মূলত তেভেজের অভাব পূরণের জন্য আগে থেকে মানজুকিচকে দলে টেনেছে ইউভেন্তুস। তেভেজ বোকা জুনিয়র্সের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান। আগামী বছর ইউভেন্তুসের সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ ফুরাবে।
