২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ে নিয়ে সতর্ক ব্রাজিল কোচ

কলম্বিয়ার কাছে হার এবং নিষেধাজ্ঞার কারণে নেইমারকে হারানোর ধাক্কা সামলে ঠিকই কোপা আমেরিকার গ্রুপ পর্ব পেরিয়েছে ব্রাজিল। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই জানিয়ে দলটির কোচ কার্লোস দুঙ্গা শিষ্যদের সতর্ক করে দিতে ভোলেননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

চিলির সান্তিয়াগোয় গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ওঠে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সিলভা-রবিনিয়োদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

এ ম্যাচ সামনে রেখে প্রতিপক্ষকে সমীহ করেই কথা বলেন দুঙ্গা।

“আমি মনে করি, কৌশলী একজন কোচ থাকায় প্যারাগুয়ে শক্তিশালী একটা দল। আমরা আশা করি, (ম্যাচের আগে) আমাদের ছেলেরা সতেজ হয়ে উঠবে।”

গ্রুপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে প্যারাগুয়ে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছিল। ওই ম্যাচের উদাহরণ টেনে প্রতিপক্ষকে ‘ফেভারিট’ মেনে শিষ্যদের সতর্ক করে দেন দুঙ্গা।

“আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে প্যারাগুয়ে তাদের শক্তি দেখিয়েছে। গত কয়েকটা ম্যাচে তারা অনেক উন্নতি করেছে। আসরের নকআউট পর্ব শুরু হয়েছে, আর ভুলের সুযোগ নেই।”

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পরে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড পাওয়া নেইমারকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন। বার্সেলোনার এই ফরোয়ার্ডকে ছাড়াই ভেনেজুয়েলাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ব্রাজিল। দুঙ্গা জানান, নেইমারকে ছাড়া আসরের সামনের পথটা পেরুনোর পথও খুঁজে বের করবে তার দল।

“যে কোনো দলের জন্যই নেইমার গুরুত্বপুর্ণ হতো; যখন সে দলে থাকবে না, তখন আপনাকে সমাধান খুঁজে বের করতে হবে। (এবারের) কোপা আমেরিকা খুবই কঠিন; কেননা, প্রতি ম্যাচে এক গোল পার্থক্য গড়ে দিচ্ছে। কেবল চিলি ভিন্ন কিছু পেয়েছে। এখন জিততে হলে আমাদের খেলতে হবে।”

কোপার আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এই মুকুট সর্বশেষ পরেছিল ২০০৭ সালে। আট বছরের খরা কাটানোর জন্য দুঙ্গা কারো একার ওপর নির্ভর করতে চান না।

“আমরা সবসময় নিশ্চিত করতে চাই-দল কারো একার ওপর নির্ভর নয়। আমরা এটাও নিশ্চিত করতে চেষ্টা করি যে, সবাই পার্থক্য গড়ে দিতে পারে। আমরা এখন বিশ্বাস করি, ব্রাজিল আরও ভালো খেলবে; আরও বেশি সামর্থ্য এবং আত্মবিশ্বাস আছে আমাদের।”