মাঠেই মেসির সঙ্গে সেলফি!
ভক্ত-সমর্থকদের ঘিরে ধরার অভিজ্ঞতা লিওনেল মেসির জন্যে নতুন নয়। অন্য জগতের তারকা কিংবা অন্যান্য পেশাদার ফুটবলারদেরও তাকে ঘিরে উচ্ছ্বসিত হতে দেখা যায় হরহামেশাই। কিন্তু কোনো ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়ের 'সেলফি' তোলার আবদারটা আর্জেন্টিনা অধিনায়কের জন্য একেবারেই নতুন।
অবাক করার মতো ঘটনাটা ঘটে এবারের কোপা আমেরিকায় 'বি' গ্রুপে আর্জেন্টিনা ও জ্যামাইকার মধ্যে হওয়া ম্যাচ শেষে। রোববার বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচটি একমাত্র গোলে জেতে আর্জেন্টিনা।
ম্যাচ শেষ হওয়া মাত্র জ্যামাইকার দেশর্ন ব্রাউন ডাগআউট থেকে মোবাইল হাতে মেসির কাছে দৌড়ে যান এবং সেলফি তোলার অনুরোধ করেন।
ব্রাউনের কাছে মেসি বিশ্বের সেরা ফুটবলার, সেরা তারকা। তাই এই ছবিটা একটা 'স্মৃতি' হিসেবে রাখতে চান তিনি।
ঘটনাটা 'অবাক হওয়ার' মতো ঘটনা ছিল বলে জানান টানা চারবারের বর্ষসেরা তারকা মেসি।
"সে আমাকে অবাক করেছে। জেতা সত্ত্বেও ম্যাচটি যেভাবে শেষ হয়, তাতে আমি বিরক্ত ছিলাম....কিন্তু ফোনটা দেখে কি হচ্ছে আমি বুঝতে পারি। এক সহ খেলোয়াড়ের এমন কিছু চাওয়াটা দারুণ একটা ব্যাপার।"
জ্যামাইকাকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের সেরা দল হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
