বন্ধু নেইমারের জন্য মেসির দুঃখ
নিষেধাজ্ঞার কারণে নেইমারের এবারের কোপা আমেরিকা শেষ হয়ে যাওয়ায় ভীষণ দুঃখ পেয়েছেন লিওনেল মেসি। তার এই ক্লাব সতীর্থ ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন আর্জেন্টিনা অধিনায়ক।
চিলির সান্তিয়াগোয় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড পান নেইমার। পরে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন।
ক্লাব সতীর্থ নেইমারের কোপা আমেরিকা শেষ হয়ে যাওয়া নিয়ে হতাশ মেসি বলেন, “আমি দুঃখিত যে, সে (নেইমার) আর কোপা আমেরিকার এই আসরে খেলবে না।”
বয়সে ছোট নেইমারকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে মেসি আরও বলেন, “নেইমার একজন বন্ধু এবং আমি তার দিকটা দেখি। তাকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার জন্য আমার দুঃখ হচ্ছে। কেননা আমি বিশ্বাস করি, ব্রাজিলের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মেরে লাল কার্ড দেখেন নেইমার। পরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়ান ব্রাজিল অধিনায়ক। মাঠ থেকে ফেরার পথে রেফারির লাল কার্ড দেখেন তিনি।
প্রাথমিকভাবে নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পরে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন সেই দিনের ঘটনা বিশ্লেষণ করে তার শাস্তি বাড়ায়। ফলে ব্রাজিল এ টুর্নামেন্টের ফাইনালে উঠলেও তাতে খেলা হবে না নেইমারের।
