আলোচনায় ফের নেইমার-সুনিগা লড়াই
সুনিগার আঘাতে নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ঘটনার আজ প্রায় এক বছর হয়ে গেলেও ব্রাজিল সমর্থকরা সেটা ভোলেনি। কোপা আমেরিকায় ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে সেই প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল কোচ দুঙ্গা অবশ্য পুরনো ওই বিষয়কে কোনো ‘ইস্যু’ বানাতে রাজি নন।
নেইমারের কাছেও আজ সেটা বড় কোনো বিষয় নয় বলে জানান দুঙ্গা। সেই সঙ্গে ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডার পুরনো ওই ঘটনা স্মরণ করে কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান কামিলো সুনিগার পাশে দাঁড়ান।
ঘরের মাঠে গত বছরের বিশ্বকাপে কলম্বিয়াকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল ব্রাজিল। কিন্তু ওই ম্যাচে সুনিগার ফাউলে মারাত্মক আঘাত পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন নেইমার। দলের সেরা তারকাকে হারিয়ে ব্রাজিলও আর এগোতে পারেনি। সেমি-ফাইনালে জার্মানির কাছে বড় ব্যবধানে হেরে যায় তারা।
চিলির রাজধানী সান্তিয়াগোয় আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
এই ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে পুরনো ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুঙ্গা বলেন, “নেইমারের কাছে এটা কোনো চিন্তার বিষয় না।”
ওই ঘটনার পর এরই মধ্যে একবার মুখোমুখি হয়েছেন নেইমার ও সুনিগা। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে হওয়া সেই প্রীতি ম্যাচের শুরুতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে থাকা নেইমারের কাছে গিয়ে কথা বলেন সুনিগা। নেইমারও সুনিগাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরেন। পরে কথা বলতে বলতে খানিকটা হেঁটে যান তারা।
যুক্তরাষ্ট্রে হওয়া ওই ম্যাচের কথাও উল্লেখ করেন দুঙ্গা।
একই সঙ্গে সুনিগার সমর্থনে তিনি বলেন, “ঘটনাটা আমি যেভাবে দেখি, তা হলো সেটা বিপজ্জনক ফাউল ছিল; কিন্তু সাধারণ একটা সংঘর্ষ। সুনিগা তাল হারিয়ে ফেলেছিল। সে থামতে পারেনি, তাই সে ফাউল করেছিল। আমি সবসময় মনে করি, কেউ কাউকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার বাজে চিন্তা করে ফাউল করতে যায় না।”
লাতিন আমেরিকার সেরা ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার এবারের আসরের প্রথম ম্যাচে পেরুকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ব্রাজিল। ওই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে দুঙ্গার দল। ভেনেজুয়েলার পয়েন্টও সমান ৩।
অন্যদিকে, প্রথম ম্যাচে ভেনেজুয়েলার কাছে একমাত্র গোলে হারা কলম্বিয়ার পয়েন্ট শূন্য।
