২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিকে রুখে দিল মেক্সিকো

কোপা আমেরিকায় স্বাগতিক চিলিকে রুখে দিয়েছে টুর্নামেন্টের অতিথি দল মেক্সিকো। রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে আছে বলিভিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 12:33 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর স্তাদিও নাসিওনালে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অতিথি হিসেবে খেলতে আসা মেক্সিকো। ২১তম মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন মাতিয়াস ভুসো।

সমতায় ফিরতে একদমই সময় নেয়নি চিলি। ২২তম মিনিটে অসাধারণ এক হেড থেকে গোল করে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান আর্তুরো ভিদাল।

রাউল হিমিনেসের গোলে ২৯তম মিনিটে আবার এগিয়ে যায় মেক্সিকো। তবে ৪২তম মিনিটে ভারহাসের গোলে আবার সমতায় ফেরে চিলি।

৫৫তম মিনিটে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান ভিদাল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১১ মিনিট পর ভুসোর দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-৩ করে মেক্সিকো।

শেষ দিকে অবশ্য দুবার মেক্সিকোর জালে বল পাঠায় চিলি। তবে হোর্হে ভালদিভিয়া ও আলেক্সিস সানচেসের করা গোল দুটি অফসাইডের কারণে বাতিল করেন রেফারি।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ভালপারাইসোতে আগের ম্যাচে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বলিভিয়া।

পঞ্চম মিনিটে বলিভিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেন রোনাল্দ রালদেস। ১৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্তিন স্মেদবের্গ-দালেন্স। ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন মার্তিন্স মরেনো।

দ্বিতীয়ার্ধে এনের ভালেন্সিয়া ও মিলার বোলানোস দুটি গোল ফেরত দিলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইকুয়েডরকে। 

এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বলিভিয়া। সমান ম্যাচ খেলে এখনও কোনো পয়েন্ট পায়নি ইকুয়েডর। ৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চিলি আছে গ্রুপের শীর্ষে। আর মেক্সিকোর পয়েন্ট ২।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচ হবে বাংলাদেশ সময় আগামী শনিবার। ভোর তিনটায় রাঙ্কাগুয়ায় মুখোমুখি হবে ইকুয়েডর ও মেক্সিকো। আর ভোর সাড়ে পাঁচটায় বলিভিয়ার বিপক্ষে খেলবে চিলি।