মেসির হাতে ব্যালন ডি’অর দেখছেন নেইমার
বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেইমার প্রথমবারের মতো ফিফা ব্যালন ডি'অর জিততে পারবেন? ব্রাজিলের সেরা এই তারকা নিজেই সে সম্ভাবনা উড়িয়ে দিলেন। তার মতে, এবারের বর্ষসেরা ফুটবলারর পুরস্কারের একমাত্র দাবিদার লিওনেল মেসি।
লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা খেলতে জাতীয় দলের সঙ্গে বর্তমানে চিলিতে আছেন নেইমার। পেরুকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করেছে তার দল ব্রাজিল।
এই ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার খানিক পরেই দলকে সমতায় ফেরান নেইমার। যোগ করা সময়ে ব্রাজিলের জয়সূচক গোলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।
রোমাঞ্চকর ওই জয়ের পর নিজের ও সতীর্থদের পারফরম্যান্স প্রসঙ্গে কথা বলেন নেইমার। সে সময়ই এ বছরের ফিফা ব্যালন ডি’অর জয়ে তার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ২৩ বছর বয়সী এই তারকা।
জবাবে নেইমার বলেন, “এই বছর ব্যালন ডি’অরের এক জন মালিক আছেন। এই বছর মেসি সবকিছু করেছে, তাই এবার তারই এটা প্রাপ্য। দেখি সেরা তিনের মধ্যে থাকতে পারি কি না।”
আর্জেন্টিনা অধিনায়ক মেসি ও উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের সঙ্গে নেইমারে গড়া দুর্দান্ত আক্রমণত্রয়ীর কাঁধে ভর করেই এই মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে বার্সেলোনা।
