২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুলের পুনরাবৃত্তি চান না মামুনুল

কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি তাজিকিস্তানের বিপক্ষে দেখতে চান না বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 08:47 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আগের দিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সতীর্থদের সতর্ক করে দেন, “এই ম্যাচে আর আগের (কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের) ভুলের পুনরাবৃত্তি চাই না। যদি কেউ এমন ভুল করে, তাহলে তাকেই ব্যক্তিগতভাবে দায় নিতে হবে।”

কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে বক্সের একটু বাইরে ও বক্সের ভেতরে দুটি অহেতুক ফাউল করে দুই গোল হজম করে বাংলাদেশ। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি লোডভিক ডি ক্রুইফের দল। শেষ পর্যন্ত কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ।

ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৬৬তম) চেয়ে ঢের এগিয়ে তাজিকিস্তান (১৩৯তম)। পরিসংখ্যানও এগিয়ে রাখছে অতিথি দলটিকে। তাজিকিস্তানের বিপক্ষে খেলা আগের ছয় ম্যাচে বাংলাদেশের জয় একটি; বাকি পাঁচ ম্যাচের চারটিতে হার ও একটি ড্র।

২০১০ সালে কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে তাজিকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এবার অবশ্য তাজিকিস্তানকে হারানো সহজ হবে না বলেই মনে করেন মামুনুল।

“তারা (তাজিকিস্তান) আমাদের চেয়ে ভালো দল। তবে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের পর আমরা মানসিকভাবে আরও শক্তিশালী; খেলোয়াড়রা আগের চেয়ে ফিট।”

তবে চোট নিয়ে দুর্ভাবনা আছে বাংলাদেশ দলে। রিয়াসাত ইসলাম, জাহিদ হোসেন ও সোহেল রানার পর এবার চোটে পড়েছেন রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় নাসিরউদ্দিন চৌধূরি। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের পেশিতে চোট পান তিনি।

তবে অধিনায়ক জানান, একটা দল হয়ে খেলতে পারলে ভালো কিছুর সম্ভাবনা আছে তাদের।

“একজনের খেলায় ভালো ফল আসে না। সবাইকে শতভাগ দিয়ে খেলতে হবে। আশা করি, কাল আমরা ভালো কিছু করব।”

তাজিকিস্তান সম্পর্কে গত রোববার জানাশোনার কমতির কথা জানিয়েছিলেন মামুনুল। সোমবার অবশ্য ভিন্ন কথাই বলেন তিনি। জাতীয় দলের এই মিডফিল্ডার জানান, প্রতিপক্ষের ১৩-১৪ ফুটবলার সম্পর্কে ধারণা নিয়েছেন তারা।