ইতালি-ক্রোয়েশিয়া রোমাঞ্চকর ড্র
গ্যালারিতে দর্শক ছিল না; তবে ইউরো ২০১৬-এর বাছাইপর্বে ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচে রোমাঞ্চেরও কমতি ছিল না। উত্তাপ ছড়ানো ম্যাচটি অবশ্য ১-১ গোলে ড্র হয়।
বাছাইপর্বের শুরুর দিকে দুটি ম্যাচে সমর্থকদের বাজে আচরণের জন্য শাস্তি হিসেবে ফাঁকা স্টেডিয়ামে খেলতে হয় স্বাগতিক ক্রোয়েশিয়াকে।
শুক্রবার রাতে শুরু থেকেই রোমাঞ্চ ছড়াতে থাকে ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচটি। নিজেদের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। তবে মারিও মানজুকিচের নেওয়া দুর্বল পেনাল্টি ঠেকিয়ে দেন জানলুইজি বুফ্ফন।
এরপর ইতালির ফরোয়ার্ড এল সারাইয়ের গোল অফসাইডের অজুহাতে বাতিল করে দেন রেফারি। টিভি রিপ্লেতে অবশ্য এটিকে গোল বলেই মনে হয়েছে।
বিষয়টি নিয়ে ইতালির ছয় জন খেলোয়াড় সহকারী রেফারির সঙ্গে কথা বলছিলেন। এই ফাঁকে বল নিয়ে আক্রমণে যায় ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। ১১তম মিনিটে ইভান রাকিতিচের নিচু একটি ক্রস থেকে গোলও করেন মানজুকিচ।
এরপর ব্যবধান দ্বিগুণ করার অসাধারণ একটি সুযোগ নষ্ট করেন ক্রোয়েশিয়ার ইভিকা ওলিচ। আর মানজুকিচ সুযোগ করে দেন ইতালিকে ম্যাচে ফেরার। আন্দ্রে পিরলোর একটি ক্রস বক্সের মধ্যে হাত দিয়ে থামান তিনি। ৩৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতালিকে সমতায় ফেরান আন্তোনিও কান্দ্রেভা।
প্রথমার্ধের শুরুর দিকে ইতালিকে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। ইতালির ফরোয়ার্ড গ্রাৎসিয়ানো পেল্লের একটি প্রচেষ্টা অসাধারণভাবে বাঁচিয়ে দেন তিনি।
ম্যাচের যোগ করা সময়ে ক্রোয়েশিয়ার অধিনায়ক দারিও সেরনাকে লাল কার্ড দেখার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়।
এই ড্রয়ের পর ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপের শীর্ষে আছে ক্রোয়েশিয়া। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।
এদিন ইসরায়েলকে ৩-১ ব্যবধানে হারায় বসনিয়া-হার্জেগভিনা। এই জয়ে ইউরোর মূল পর্বে খেলার আশা টিকে রইল ব্রাজিলে গত বছর বিশ্বকাপ অভিষেক হওয়া দেশটির।
৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের পঞ্চম স্থানে আছে বসনিয়া। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ইসরায়েল ও সাইপ্রাস।
লাটভিয়াকে ২-০ গোলে হারনো নেদারল্যান্ডস ৬ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে আইসল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেক প্রজাতন্ত্র।
আর্দা তুরানের শেষ দিকের গোলে ১-০ ব্যবধানে কাজাখস্তানকে হারিয়েছে তুরস্ক। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের চতুর্থ স্থানে আছে তারা।
ইউরো ২০১৬-এর মূল মঞ্চে ২৪টি দল খেলবে। বাছাই পর্বের নয়টি গ্রুপ থেকে ১৮টি দল সরাসরি ২০১৬-এর ইউরোর মূলপর্বে খেলবে। গ্রুপগুলোর তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দলটিও মূল পর্বে সরাসরি খেলবে। তৃতীয় স্থানে থাকা বাকি আটটি দলের মধ্যে প্লে-অফ খেলে চারটি দল উঠবে। স্বাগতিক ফ্রান্সের বাছাইপর্ব খেলতে হচ্ছে না।
