২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠে আবারও ফ্রান্সের হার

মারোয়ান ফেলাইনির জোড়া গোলে ফ্রান্সের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরে যায় ফরাসিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 02:57 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে রোববার রাতে হওয়া এই ম্যাচে সপ্তদশ মিনিটে ফিফা র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে এগিয়ে দেন ফেলাইনি। ফরাসি রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন তিনি। আর ৪২তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন  ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

দেশের হয়ে শেষ তিন ম্যাচে ৫ গোল করলেন ফেলাইনি।
 
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ২৫ মিটার দূর থেকে ব্যবধান ৩-০ করেন রাদিয়া নাইনগোলান। 
 
৫৩তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন মাথিউ ভালবুয়েনা। কিন্তু পরের মিনিটেই ব্যবধান ৪-১ করেন চেলসি তারকা এডেন হ্যাজার্ড।
 
৮৯তম মিনিটে ফ্রান্সের মিডফিল্ডার নাবিল ফেকির এবং যোগ করা সময়ে স্ট্রাইকার দিমিত্রি পায়েত বল জালে পাঠিয়ে স্কোর ৪-৩ করে চরম নাটকীয়তার সম্ভাবনার জাগায়। তবে আর সমতায় ফিরতে পারেনি ফ্রান্স।
 
২০১৪ বিশ্বকাপের পর ফ্রান্সের এটা দ্বিতীয় হার। দুই মাসের কিছুটা বেশি সময় আগে ব্রাজিলের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছিল তারা।