২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে সাফারোভার প্রতিপক্ষ সেরেনা

প্রথম সেটে হারলেও পরের দুই সেটে দাপুটে টেনিস খেলে ফরাসি ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 12:06 AM

Updated : 22 Aug 2022, 12:26 PM

সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের টিমেয়া বাকসিন্সকির বিপক্ষে বর্তমান বিশ্বসেরা সেরেনার জয়টি ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে। আগামী শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে লুসি সাফারোভার মুখোমুখি হবেন সেরেনা। সার্বিয়ার আনা ইভানোভিচকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখান চেক প্রজাতন্ত্রের সাফারোভা। সেরেনা এবার ক্যারিয়ারের তৃতীয় ফরাসি ওপেন আর এককের ২০তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার জন্য লড়ছেন। ২০০২ ও ২০১৩ সালে রোলাঁ গারোঁয় শিরোপা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। ফরাসি ওপেনের এবারের আসরে শীর্ষ বাছাই সেরেনা ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়ানো সম্পর্কে বলেন, “কিভাবে পেরেছি, আমি নিশ্চিত করে বলতে পারব না। আমি শুধু ভেবেছিলাম, লড়াই না করে হারব না।”