২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফায় দুর্নীতি: সব ফাঁস করে দেবেন ওয়ার্নার

ফিফায় আরও দুর্নীতি সম্পর্কে বিশ্ববাসীর জানার পথ খুলছে। অভিযুক্ত সাবেক সহ-সভাপতি জ্যাক ওয়ার্নার জানিয়েছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় হওয়া দুর্নীতি বিষয়ে তিনি যা কিছু জানেন, তার সব প্রকাশ করে দেবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

ত্রিনিদাদ ও টোবাগোয় বুধবার এক টিভি অনুষ্ঠানে ওয়ার্নার জানান, তিনি মুত্যুভয়ে ছিলেন। তবে দুর্নীতির বিষয়ে জানা সব কিছু এবার প্রকাশ করে দেবেন বলে প্রতিজ্ঞা করেন ক্যারিবীয় অঞ্চলের এই ফুটবল কর্মকর্তা।
 
“যারা দেশকে ধ্বংস করার সুযোগ খুঁজছে, আমি তাদের জন্য আর কিছু গোপন রাখব না।”
 
গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ যে ১৪ জনের বিরুদ্ধে ফিফায় দুর্নীতি করার অভিযোগ আনে, ওয়ার্নার তাদের মধ্যে এক জন। পরে ওই ১৪ জন্যের মধ্যে ৭ জনকে ঘুষ নেওয়ার সন্দেহে গ্রেপ্তার করে সুইস পুলিশ।
 
ফিফার আরেক সাবেক কর্মকর্তা চাক ব্লেজার ২০১৩ সালে ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন। বুধবার প্রকাশিত এক প্রতিলিপিতে জানা যায়, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সঙ্গে এক চুক্তির অংশ হিসেবে ১০টি অপরাধ স্বীকার করেছিলেন ফিফার নির্বাহী কমিটির সাবেক এই সদস্য।
 
যুক্তরাষ্ট্রের আইনজীবীদের মতে, ব্লেজারের সাহায্যে বড় আকারে দুর্নীতির একটা মামলা দাঁড় করানো গেছে, যাতে ফিফার অনেক বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরই ফলশ্রুতিতে সংস্থাটির সভাপতি পদে দীর্ঘদিন থাকা জেপ ব্লাটার গত মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন।
 
ফিফার জাস্টিস ডিপার্টমেন্ট ওই ১৪ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৪ বছরে ১৫ কোটি ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগ আনে। তাদের মধ্যে ব্লেজারসহ ৪ জনের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ গঠন করা হয়েছে।
 
এর আগে ওয়ার্নারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর ২০১১ সালে ফুটবলের সব ধরণের কর্মকাণ্ড থেকে অবসর নেন তিনি। পরে তার বিরুদ্ধে জালিয়াতির তদন্ত শুরুর পর ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ওয়ার্নার।  
 
ওয়ার্নার অবশ্য সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষের তোলা তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর পুলিশের কাছে আত্মসমর্পন করে জামিনে ছাড়াও পেয়েছেন ৭২ বছর বয়সী সাবেক এই ফুটবল কর্মকর্তা।