প্রস্তুতি ম্যাচের অপ্রাপ্তি নিয়েই বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে সেরেছে বাংলাদেশ। দুই ম্যাচেই শুরুতে এগিয়ে যাওয়ার পরও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মামুনুলদের। প্রস্তুতি ম্যাচের চাওয়া-পাওয়ার হিসেবে তাই শুরুতে মিল থাকলেও শেষটা হয়েছে গরমিলে; যার কারণে খেলোয়াড়দের মূল্যায়নেও সন্তুষ্টির পাশে জায়গা করে নিয়েছে না পাওয়ার অসন্তুষ্টি।
সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে তৃতীয় মিনিটেই গোল পায় বাংলাদেশ। অধিনায়ক মামুনুলের ফ্রি কিকে গতিময় হেডে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন নাসিরউদ্দিন চৌধূরি। কিন্তু পরে দুই গোল খেয়ে শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লোডভিক ডি ক্রুইফের দলকে।
দ্বিতীয় প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে যেতে বাংলাদেশ সময় নিয়েছিলো মাত্র চার মিনিট। এবার মামুনুলের ফ্রি-কিকে জাহিদ হাসান এমিলির হেড ঠিকানা খুঁজে পায়। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল হজম করে জয়টা হাতছাড়া হল বাংলাদেশের।
ভালো শুরুটা ধরে রাখতে না পারার ক্ষোভ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই জানিয়েছিলেন মামুনুল। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানালেন বিশ্বকাপের বাছাই পর্বের আগে প্রতিটি পজিশনেই আরও বেশি কাজ করতে হবে তাদের।
“উন্নতির জায়গা তো সবসময়ই থাকে। বিশ্বকাপের বাছাই পর্বের আগে আমাদের প্রতিটি বিভাগে আরও অনেক কাজ করতে হবে। বিশেষ করে গোলরক্ষক পজিশনে।”
দুই প্রীতি ম্যাচে শুরু আর শেষের সমীকরণ না মেলার কারণ খুঁজতে গেলে উঠে আসছে অনেক কিছুই। সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর ২৫ মিনিটের পর হঠাৎ এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। মামুনুল-হেমন্ত-জামালরা মাঝ মাঠের নিয়ন্ত্রন রাখতে পারেননি। রক্ষণভাগে ছিল ফাঁক-ফোকর। ছিল ভুল পাসের ছড়াছড়ি। এর সঙ্গে যোগ হয়েছিল ফরোয়ার্ডদের সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতা।
দুই প্রীতি ম্যাচে ফরোয়ার্ডদের কাছ থেকে বাংলাদেশ গোল পেয়েছে একটি। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়ে চলতি লিগে নয় গোল করা এনামুল দুই ম্যাচে প্রতিপক্ষের রক্ষণভাগে প্রত্যাশিত কাঁপন তুলতে পারেননি। সিঙ্গাপুরের বিপক্ষে যতটা আগ্রাসী ছিলেন তিনি, আফগানিস্তানের বিপক্ষে ততটা ছিলেন না।
জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা জুয়েল অবশ্য আস্থার প্রতিদান দিয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ফরোয়ার্ড গোল না পেলেও দুই ম্যাচে গোছালো কিছু আক্রমণ তৈরি করে সম্ভাবনাময় আগামীর ইঙ্গিত দিয়েছেন। তবে তিনিও মানছেন, বাংলাদেশকে জিততে হলে ফরোয়ার্ডদেরই গোল করতে হবে।
“এটা তো সবাই জানে, জিততে হলে গোল দরকার। এ ক্ষেত্রে ফরোয়ার্ডদেরই এগিয়ে আসতে হবে; গোল করতে হবে। আমার মনে হয়, কৌশলগত দিকগুলো নিয়ে আমাদের আরও কাজ করা দরকার। আমার বিশ্বাস, আক্রমণগুলো আরেকটু গোছালো হলে, ফরোয়ার্ডরা নিজেদের কাজটুকু করতে পারলে গোল আসবে।”
গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়া অনূর্ধ্ব-২২ দলের কাছে শেষ মুহূর্তের গোলে হেরেছিল বাংলাদেশ। দুই প্রীতি ম্যাচে শেষ দিকের ভুলের চড়া মাশুল গোনার পর মামুনুলও বলেছিলেন, এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে; এখান থেকে বেরিয়ে আসার দরকার।
অধিনায়কের সঙ্গে একমত নাসিরউদ্দিনও, “আমাদের মনোযোগের অভাব ছিল। শেষ মুহূর্তে হয়ত শরীরটা একটু ছেড়ে দিয়েছিল। তবে শিক্ষা হলো।” দ্বিতীয় প্রীতি ম্যাচে গোলরক্ষক লিটন আরেকটু মনোযোগী হলে গোলটা হয়ত হতো না বলেও মনে করেন শেখ জামালের এই ডিফেন্ডার।
জার্মান গোলরক্ষক কোচ ক্রিশ্চিয়ান শোয়েচলার তাদের নিয়ে বসবেন বলেও জানান লিটন।
দুই প্রীতি ম্যাচে অবশ্য খেলা হয়নি বাংলাদেশী বংশোদ্ভূত জার্মানির ফুটবলার রিয়াসাত ইসলামের। প্রথম ম্যাচে অন্যদের পরখ করে নিতে চেয়েছিলেন ক্রুইফ; কিন্তু দ্বিতীয় ম্যাচে ইচ্ছা থাকলেও বৃষ্টিভেজা মাঠে রিয়াসাতকে খেলানোর ঝুঁকি নেননি তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের ‘ফিটনেস’ নিয়ে প্রশ্নটা তুলেছেন ক্রুইফই। নেদারল্যান্ডসের এই কোচ রাখঢাক না করে জানিয়ে দেন, পুরো নব্বই মিনিট খেলার মতো ফিটনেস তার দলের কেবল ১১ জনের আছে! অথচ, দুই প্রস্তুতি ম্যাচের দলে ফুটবলার ছিল ২৩ জন!
দুই প্রীতি ম্যাচের ভুলগুলো শুধরে নিতে পারলে বাছাই পর্বের জন্য তা শাপেবর হয়ে উঠবে মামুনুলদের জন্য। বাংলাদেশ অধিনায়কও বেশ আশাবাদী, শেষ দিকে ভুলে জয় হাতছাড়া হয়ে যাওয়ার অভ্যাসটা দ্রুতই বদলে ফেলবেন তারা। তবে কোচ ক্রুইফ কড়া সুরেই বলেছেন, বাছাই পর্বের আগে ‘ফিট’ না থাকাদের নিয়ে নতুন করে ভাববেন তিনি।
১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।
