২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলি ছাড়ার ঘোষণা বেনিতেসের

নাপোলি ছাড়ার ঘোষণা দিয়েছেন রাফায়েল বেনিতেস। নাপোলির পরের ম্যাচ দিয়ে ইতালির ক্লাবকে বিদায় জানাবেন স্প্যানিশ এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2015, 09:27 PM

Updated : 25 Apr 2022, 01:25 PM

গত সোমবার রিয়াল মাদ্রিদের বরখাস্ত কোচ কার্লো আনচেলত্তির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বেনিতেসের নাম বলছে ইউরোপের গণমাধ্যমগুলো।
 
এক সংবাদ সম্মেলনে ৫৫ বছর বয়সী বেনিতেস জানান, পারিবারিক কারণে নাপোলি ছাড়ছেন তিনি। তবে এই সময়ে নিজের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কিছু বলেননি তিনি। 
 
আগামী রোববার সেরি আর ম্যাচে তৃতীয় স্থানে থাকা লাৎসিওর বিপক্ষে খেলবে নাপোলি। চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলতে হলে এই ম্যাচে প্রতিপক্ষকে হারাতেই হবে চতুর্থ স্থানে থাকা দলটিকে।
 
বেনিতেস জানান, লাৎসিও ম্যাচই হবে নাপোলিতে তার শেষ। জয় দিয়েই দুই বছরের দায়িত্বের শেষ টানতে চান তিনি।    
 
২০০৪ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার আগে স্পেনের ভালেন্সিয়ার কোচ ছিলেন বেনিতেস। তার অধীনে স্বদেশের দলটি দুটি লা লিগা ও একটি উয়েফা কাপ জিতেছিল। বেনিতেসের অধীনে ২০০৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে লিভারপুল।
 
বেনিতেসের অধীনে একটি করে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জেতে নাপোলি। 
 
রিয়ালের অনূর্ধ্ব-১৯ ও মূল দলের সহকারী কোচ হিসেবে ১৯৯০ এর দশকে কাজ করেন বেনিতেস। এছাড়া ইন্টার মিলান ও চেলসির কোচের দায়িত্বও পালন করেন তিনি।