জার্মান দলে থেকে বিশ্রামে মুলার ও ক্রুস
২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে টানা খেলে যাওয়া দুই ফুটবলার টমাস মুলার ও টনি ক্রুসকে বিশ্রাম দিয়েছেন জার্মান কোচ ইওয়াখিম লুভ।
আগামী মাসে যুক্তরাষ্ট্র ও জিব্রাল্টারের সঙ্গে ম্যাচ আছে জার্মানির। এই দুই ম্যাচে মুলার ও ক্রুসকে না খেলানোর সিদ্ধান্ত মঙ্গলবার জানিয়েছেন লুভ। ক্লাব ও দেশের হয়ে মোট ১৩১ ম্যাচ খেলা মুলার ও ক্রুসের বিশ্রাম দরকার ছিল জানিয়ে কোচ বলেন, “এই বিশ্রাম তাদের পাওনা ছিল।”
আগামী ১০ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এর তিন দিন পরে জিব্রাল্টার বিপক্ষে ইউরো-২০১৬ এর বাছাই পর্বের ম্যাচে গোলরক্ষক মানুয়েল নয়ারকেও পাবে না জার্মানি। বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক ছোটখাট চোটে ভুগছেন বলে জানিয়েছেন লুভ।
লুভ জানান, মুলার, ক্রুস, নয়ার-এই তিন তারকার অভাব পূরণের মতো বিকল্প ফুটবলার তার দলে আছে। যুক্তরাষ্ট্র ও জিব্রাল্টার বিপক্ষে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
ইউরো বাছাই পর্বের ‘ডি’ গ্রুপের তালিকায় ১০ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ড।
