২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের সেরা আক্রমণত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেস

শুধু গোল করা নয়, করানোতেও সবচেয়ে সফল লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেস। মাঠে নামলেই প্রতিপক্ষ দলগুলোকে ছিন্নভিন্ন করে দেওয়া বার্সেলোনার এই আক্রমণত্রয়ী ইউরোপের লিগগুলোর মধ্যে এ মৌসুমে সবার সেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2015, 09:33 PM

Updated : 22 Aug 2022, 12:20 PM

মৌসুম জুড়ে ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা বার্সেলোনার আক্রমণভাগের এই তিন তারকা লা লিগায় মোট ৮১ গোল করেছেন এবং ৩৯টি গোল করিয়েছেন। তাদের দুর্দান্ত নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখে এবার লিগ শিরোপা জেতে বার্সেলোনা।

এবারের স্প্যানিশ লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ গোল করা মেসি ম্যাচ প্রতি ১.১৩ গোল করেছেন। ২০১৩-১৪ মৌসুমে কাতালুনিয়ার ক্লাবটিতে যোগ দেওয়া নেইমার এবার লিগে ২২ গোল করেন এবং ৭টি গোল করান। আর এই মৌসুমেই বার্সেলোনায় যোগ দেওয়া সুয়ারেস নিষেধাজ্ঞার কারণে লিগের প্রথম আট ম্যাচ খেলতে না পারলেও শেষ দিকে দারুণ জ্বলে ওঠেন। ২৭ ম্যাচ খেলে ১৬টি গোল করেন এবং ১৪ গোলে অবদান রাখেন তিনি।

গোল করা এবং করানোর হিসেবে বার্সেলোনার আক্রমণভাগের পরেই আছে রিয়াল মাদ্রিদের আক্রমণত্রয়ী। দলটির তিন তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমা মিলে এবার লিগে ৭৬টি গোল করেন এবং ৩৫টি গোল করান।

ইউরোপীয় লিগগুলোর সেরা আক্রমণভাগের তালিকার তৃতীয় স্থানে আছে এবারের বুন্দেসলিগা জয়ী বায়ার্ন মিউনিখের আক্রমণত্রয়ী। আরিয়েন রবেন, টমাস মুলার ও রবের্ত লেভানদোভস্কি মিলে ৪৭ গোল করেন এবং ২২ গোল করান।

এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ইউভেন্তুসের আক্রমণভাগও বেশ সফল; কার্লোস তেভেস, আলভারো মোরাতা ও ফের্নান্দো লরেন্তে মিলে ৪৫ গোল করেন এবং ১৩ টি গোল করান।

আর ফরাসি লিগের চ্যাম্পিয়ন পিএসজির তিন তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি ও এসেকিয়েল লাভেস্সি মিলে ৪৫ গোল করেন এবং ৯ গোল করান।