২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালকে প্রথম হারের স্বাদ দিল আবাহনী

পুরো ম্যাচে দারুণ আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরা আবাহনীর কাছে উড়ে গেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। জর্জ কোটানের দলের কাছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা হেরেছে ২-০ গোলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 07:08 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

আবাহনীর দুটি গোলই করেন জাতীয় দলের ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ।

চলতি প্রিমিয়ার লিগে এটি শেখ জামালের প্রথম হার। তবে হারলেও ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরেই আছে তারা। আর এ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আবাহনী।

দ্বাদশ মিনিটে আবাহনীর ফরোয়ার্ড আব্দুল বাতেন মজুমদার কমলের শট লক্ষ্যে থাকেনি। এর একটু আগে শাহেদুল আলম শেখ জামালের পোস্টের ওপর দিয়ে বল উড়িয়ে দিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেছিলেন।

সপ্তদশ মিনিটে ওয়াহেদ প্রতিপক্ষের ডিফেন্ডারদের ছিটকে দিলেও লক্ষ্যভেদে ব্যর্থ হন। তার সোজা শট গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল অনায়াসে ফিরিয়ে দেন।

তিন মিনিট পরই অবশ্য গোলের দেখা পেয়ে যায় আবাহনী। কর্নার থেকে উড়ে আসা বল নিখুঁত হেডে শেখ জামালের জালে বল জড়িয়ে আবাহনীকে ১-০ গোলে এগিয়ে দেন ওয়াহেদ।

৪০তম মিনিটে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ছোট ডি বক্সের একটু বাইরে থেকে নেওয়া ওয়েডসেন আনসেলমের শট পোস্টের অনেক ওপর দিয়ে উড়ে যায়।

এর অল্প সময় পরই শেখ জামালের আরেকটি গোছালো আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দেন আবাহনী গোলরক্ষক জিয়াউর রহমান।

আক্রমণ আর পাল্টা আক্রমণে দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে উত্তেজনা ফেরে। ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পায় আবাহনী। কিন্তু সতীর্থের ডিফেন্স চেরা পাস নিয়ে বক্সে ঢুকে তালগোল পাকিয়ে ফেলেন ঘানার ফরোয়ার্ড ওসেই মরিসন।

৫৮তম মিনিটে ডি বক্সের মধ্যে পাওয়া বল প্লেসিং শটে শেখ জামালের জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়াহেদ। এর একটু পরই ডারবো ল্যান্ডিংয়ের ফ্রি-কিক ফিরিয়ে আবাহনীকে স্বস্তিতে রাখেন গোলরক্ষক জিয়া।

দশ মিনিট পর ম্যাচে ফেরার লড়াইয়ে জোর ধাক্কা খায় শেখ জামাল। ওবাম হেনরি ফেলিক্সকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড পান দলটির নির্ভরযোগ্য ফরোয়ার্ড এমেকা ডারলিংটন।

নাইজেরিয়ার এই ফরোয়ার্ড মাঠ ছেড়ে যাওয়ার সময় ক্ষুব্ধ দর্শকরা তাকে লক্ষ্য করে বোতল ছুঁড়তে থাকে। সেটা আবার কুড়িয়ে নিয়ে দর্শকের দিকে ছুঁড়ে মারেন ডারলিংটনও!

শেষ দিকে ব্যবধান বাড়ানোর আরও সুযোগ তৈরি করেছিল আবাহনী। কিন্তু শাহেদের পর পর দুটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কোটানের দল।