এনামুলকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দল
প্রিমিয়ার লিগে দারুণ আলো ছড়ানো এনামুল হকের লম্বা বিরতি কাটিয়ে দলে ফেরা একরকম নিশ্চিতই ছিল। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এই ফরোয়ার্ডকে রেখেই রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
লিগে এরই মধ্যে প্রতিপক্ষের জালে ৭ গোল করেছেন এনামুল। তাকে নিয়ে উচ্চাশা প্রকাশ করেন জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। ক’দিন আগে মুক্তিযোদ্ধার এই ফরোয়ার্ডকে ডেকে নিয়ে কথাও বলেছেন কোচ।
ক্রুইফের কাছ থেকে প্রত্যাশার কথা শুনে তা পূরণের প্রতিশ্রুতিও দিয়ে আসেন এনামুল। পাঁচ বছর পর তাই জাতীয় দলের জার্সি গায়ে ফের মাঠে নামার সুযোগ পেতে যাচ্ছেন তিনি।
চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি অধিনায়ক মামুনুল ইসলাম। তবে তাকে রেখেই মঙ্গলবার বাছাই পর্বের জন্য ৩২ জনের দল ঘোষণা করেছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি।
আগামী ১১ জুন বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান। এর পাঁচ দিন পর দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।
বাছাই পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ৩০ মে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার পর ২ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মামুনুলদের প্রতিপক্ষ আফগানিস্তান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, আগামী রোববার থেকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতির জন্য আবাসিক ক্যাম্প শুরু হবে।
৩২ জনের বাংলাদেশ দল:
গোলরক্ষক: রাসেল মাহমুদ, শহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, মোহাম্মদ নাঈম।
ডিফেন্ডার: আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধূরী, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধূরী, লিঙ্কন, রেজাউল করিম, কেষ্ট কুমার বোস।
মিডফিল্ডার: হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল ইসলাম, রিয়াসাত ইসলাম, ইমন মাহমুদ।
ফরোয়ার্ড: তকলিস আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, বাতেন মজুমদার কমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, এনামুল হক, তৌহিদুল আলম সবুজ।
