ম্যান ইউর কাছে হারের দায় নিলেন পেল্লেগ্রিনি
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যাওয়ার দায় নিজের কাঁধে নিয়েছেন মানুয়েল পেল্লেগ্রিনি। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে চাননি ম্যানচেস্টার সিটির কোচ।
রোববার নগর প্রতিপক্ষ ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড থেকে ৪-২ গোলে হেরে আসে সিটি।
ইউনাইটেডের বিপক্ষে আগের চারটি লড়াইয়ে জেতা সিটির এই হারের সব দায়িত্ব দলটির কোচ নিজে নেন।
"এটা আমার দায় এবং একমাত্র ম্যাচ জিতেই এর পরিবর্তন করতে পারি আমরা।"
ইউনাইটেডের কাছে এই হারে কার্যত শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ল সিটি। ৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা।
৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। ৩২ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬। আর সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। আর চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা দলকে খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে।
লিগের বর্তমান চ্যাম্পিয়নদের এই অবস্থার কারণে সমালোচক মহলে পেল্লেগ্রিনির ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন উঠেছে। কিন্তু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেননি সিটির কোচ।
