মুক্তিযোদ্ধার টানা দ্বিতীয় জয়
প্রিমিয়ার লিগে জয়ের ধারায় আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পিছিয়ে পড়েও চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।
ফেনী সকারকে একই ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুম শুরু করেছিল মুক্তিযোদ্ধা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার দিনের প্রথম খেলায় মুক্তিযোদ্ধাকে তিন পয়েন্ট এনে দেওয়ায় দারুণ অবদান রাখেন এনামুল হক; দুটি গোলই করেন তিনি।
চট্টগ্রাম আবাহনীর হয়ে একমাত্র গোল করেন লামারান্না। প্রথমার্ধের যোগ করা সময়ে এই গোলেই এগিয়ে গিয়েছিল চট্টগ্রামের দলটি।
পিছিয়ে পড়ার পর মুক্তিযোদ্ধার আক্রমণের ধার বাড়ায়। ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৮৪তম মিনিটে মুক্তিযোদ্ধার জয় এনে দেওয়া গোলটিও করেন এনামুল।
প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারল চট্টগ্রাম আবাহনী। মোহামেডানের কাছে ৫-০ গোলে হেরে চলতি লিগ মৌসুম শুরু করে বন্দরনগরীর দলটি।
