২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা দৌড়ে থাকার লড়াইয়ে মুখোমুখি দুই ম্যানচেস্টার

আরেকবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে ম্যানচেস্টারের ফুটবলপ্রেমীরা। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকার ম্যাচে মুখোমুখি হচ্ছে এই শহরের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 10:58 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

৩১ খেলায় ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইউনাইটেড। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিটি। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

এমনিতেই শিরোপা লড়াইয়ে চেলসি অনেক এগিয়ে। ইউনাইটেড ও সিটির মধ্যে যে দলটি হেরে যাবে, তাদের শিরোপা-স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট আর নিষেধাজ্ঞার কারণে অনেকটাই খর্ব শক্তির হয়ে গেছে লুইস ফন গালের ইউনাইটেড। গোড়ালির গাঁটের চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও এই ম্যাচ খেলা হবে না রবিন ফন পের্সির।

অসুস্থতার জন্য ক্রিস স্মলিংয়ের খেলা অনিশ্চিত। চোট রয়েছে লুক শরও। আর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না জনি ইভান্স।

চোট সমস্যা আছে ম্যানচেস্টার সিটিতেও। মানুয়েল পেল্লেগ্রিনির দলে চোটে ভুগছে স্বয়ং অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। তার খেলা এখনও নিশ্চিত নয়। স্তেভান ইওভেতুসের খেলা হচ্ছে না এই ম্যাচে।

এ মৌসুম খুব একটা ভালো কাটলেও আত্মবিশ্বাসের কমতি নেই সিটি কোচ মানুয়েল পেল্লেগ্রিনির।

"তারা অনেক বছর ধরে লিগে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এক সময় স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন, প্রতিবেশীরা একটু বেশি জ্বালাচ্ছে-তাই আমি বলি, এটা আমাদের জন্য দ্বিগুণ প্রেরণা।"

অতীতে সিটির বিপক্ষে ইউনাইটেডের একচেটিয়া আধিপত্য থাকলেও সাম্প্রতিক ইতিহাস ভিন্ন। এই ম্যাচে ইউনাইটেডকে হারাতে পারলে লিগে তাদের বিপক্ষে টানা পঞ্চম জয় হবে সিটির।