আবারও পেছাল প্রিমিয়ার লিগ ফুটবল
আরেকবার পেছাল প্রিমিয়ার লিগ ফুটবল। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি এখন শুরু হবে আগামী ৭ এপ্রিল।
শুক্রবার পেশাদার লিগ কমিটির সভায় প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুম শুরুর এই তারিখ জানানো হয়।
একাধিকবার পেছানোর পর গত ৯ মার্চে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা ছিল। এর পর লিগ কমিটি ২৫ দিন পিছিয়ে ৩ এপ্রিল লিগ শুরুর কথা বলে। কিন্তু শুক্রবার পেশাদারি লিগ কমিটির সভা শেষে জানানো হয়, ১১ দল নিয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর শুরু হবে ৭ এপ্রিল।
প্রিমিয়ার লিগের ১১ দলের অর্থের দাবিও মেনে নেওয়ার কথা শুক্রবার জানান লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। ক্লাবগুলো প্রিমিয়ার লিগে খেলার জন্য অংশগ্রহণ ফি ২৫ লাখ করে টাকা দাবি করেছিল। প্রত্যেক ক্লাবকে এরই মধ্যে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা ১১ দলের প্রত্যেককে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছিল।
ঘরোয়া ফুটবলারদের আরও বেশি করে সুযোগ দিতে বিদেশি খেলোয়াড়দের কোটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। এ মৌসুমে প্রতিটি ক্লাব সর্বোচ্চ তিন জন বিদেশি ফুটবলার নিবন্ধন করাতে পারবে এবং সেরা একাদশে দুই জন রাখতে পারবে। গত মৌসুমে চার জন বিদেশি নিবন্ধন করা ও তিন জনকে সেরা একাদশে রাখার সুযোগ ছিল।
বারবার প্রিমিয়ার লিগের খেলা পেছানোয় এ মৌসুমে স্বাধীনতা কাপ ও সুপার কাপ আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে। মে মাসে আছে ইন্দো-বাংলা গেমস, জুনে আছে বিশ্বকাপের বাছাই পর্বের ব্যস্ততা। তবে মুর্শেদী আশাবাদী, এ মৌসুমে স্বাধীনতা কাপ ও সুপার কাপ আয়োজন করতে পারবেন তারা।
