বিশেষজ্ঞ গোলরক্ষক কোচ দিয়ে পরিচর্যার পরামর্শ শোয়েচলারের
অল্প সময়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করতে এসে যাওয়ার সময় ‘বড়’ পরামর্শ দিয়ে গেলেন ক্রিস্তিয়ান শোয়েচলার। জার্মানির এই গোলরক্ষক কোচ জানান, সম্ভাবনাময়দের কাছ থেকে সেরাটা পেতে হলে বিশেষজ্ঞ কোচ দিয়ে তাদের পরিচর্যা করতে হবে।
ক’দিন আগে শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৬-এর বাছাই পর্বের জন্য লোডভিক ডি ক্রুইফের মতো শোয়েচলারও ‘খণ্ডকালীন’ কোচ হিসেবে যোগ দেন। সে দায়িত্ব শেষ হওয়ায় শুক্রবার সকালে দুই জনই দেশে ফিরবেন।
দেশের ফেরার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে বিকেএসপির উঠতি গোলরক্ষকদের নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান।
“তাদের (বিকেএসপির গোলরক্ষক) মেধা আছে। সম্ভাবনা আছে। কিন্তু সত্যি বলতে কি, আমি দেখে যেটা বুঝেছি, তারা সে অর্থে কোনো মানসম্পন্ন কোচিং সুবিধাই পাচ্ছে না এবং এ কারণে গোলকিপিংয়ের কৌশলগত ব্যাপারগুলো তারা ঠিক বুঝে উঠতে পারছে না।”
বিকেএসপি ঘুরে গোলরক্ষকদের উন্নতির জন্য সাত পাতার এক প্রতিবেদনও বাফুফেকে দিয়েছেন শোয়েচলার। তিনি আরো জানান, এই গোলরক্ষকদের ‘একটা পর্যায়ে’ তুলতে হলে ‘বিশেষজ্ঞ গোলরক্ষক কোচ’ দরকার।
সিরিয়া ও উজবেকিস্তানের কাছে হেরে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে খেলার আশা শেষ হয়ে যায়। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের সঙ্গে ড্র করে স্বাগতিকরা।
এই আসরে সিরিয়া ও উজবেকিস্তান ম্যাচে চারটি করে গোল হজম করে বাংলাদেশ। রাসেল মাহমুদ লিটন বাংলাদেশের পোস্ট আগলে রাখতে ব্যর্থ হন। দুই ম্যাচে ৮ গোল খাওয়ার পর বাংলাদেশের গোলরক্ষকদের দৈন্যতা আরো বেশি করে প্রকাশ পায়।
শোয়েচলার অবশ্য দেশে ফেরার আগে পরামর্শ দেওয়ার পাশাপাশি সতর্কবানীও শুনিয়েছেন। একই সঙ্গে একজন ফুটবলার ও গোলরক্ষক হয়ে উঠতে হলে ‘আরো অনেক কাজ করতে হবে’ বলে জানান এই জার্মানির গোলরক্ষক কোচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অবশ্য আশার কথাই শুনিয়েছেন। তিনি জানান, জাতীয় দল ও ক্লাব পর্যায়ে শোয়েচলারকে দিয়ে ভবিষ্যতেও কাজ করানোর পরিকল্পনা আছে তাদের।
