ক্লাসিকো নিয়ে চিন্তিত রিয়াল কোচ
তিন ম্যাচ পর দল জয়ের পথে ফেরায় কার্লো আনচেলত্তির কথায় স্বস্তির আবেশ। আগামী সপ্তাহে হতে যাওয়া ক্লাসিকোর আগে লেভান্তেকে হারিয়ে আত্মবিশ্বাসও পাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ, কিন্তু ঘরের মাঠে এই ম্যাচেরই দ্বিতীয়ার্ধে শিষ্যদের ‘তুলনামূলক খারাপ’ পারফরম্যান্স ভাবনায় ফেলেছে তাকে।
রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় লেভান্তেকে ২-০ গোলে হারায় রিয়াল। গোল দুটি করেন গ্যারেথ বেল। আর প্রথমার্ধে হওয়া উভয় গোলেই মূল ভূমিকায় ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।
১টি ড্র ও ২টি হারের পর জয়ের পথে ফিরে লেভান্তে ম্যাচ শেষে আনন্দের কথা জানান আনচেলত্তি। আক্রমণভাগের দুই তারকার প্রশংসাও করেন তিনি। কিন্তু বিরতির পর ছেলেদের কিছুটা নির্ভার পারফরম্যান্স ভাবনায় ফেলেছে ইতালিয়ান এই কোচকে।
“প্রথমার্ধটা ভালো ছিল, মনোযোগ ধরে রেখে আমরা মানসম্পন্ন খেলা খেলেছি। আমরা খেলা নিয়ন্ত্রণ করেছি এবং গোল করার অধিকাংশ সুযোগ পেয়েছি। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ কিছুটা পড়ে যায়।”
