২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল আতলেতিকো

লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। এসপানিওলের মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 11:31 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

শনিবারের এই ম্যাচে প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দশজন নিয়ে খেলে আতলেতিকো। প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিক মিডফিল্ডার আব্রাহামকে মারাত্মকভাবে ফাউল করে লালকার্ড পান মিরান্দা।
 
এই ড্রয়ে লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরো পিছিয়ে পড়ল দিয়েগো সিমেওনের দল। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল তারা। আগের দুই ম্যাচে সেভিয়া ও ভালেন্সিয়ার সঙ্গেও ড্র করেছিল আতলেতিকো।
 
টানা ব্যর্থতায় ২৭তম রাউন্ডে এসে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেল আতলেতিকো, তাদের পয়েন্ট ৫৬। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া।