২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইভ আর রেফারির জামা টেনে দি মারিয়ার লাল কার্ড!

এফএ কাপের ষষ্ঠ রাউন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ের রাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আনহেল দি মারিয়াকে। 'ডাইভ' দেওয়ার পর রেফারির জামা টানার অপরাধে এই শাস্তি পান আর্জেন্টিনার মিডফিল্ডার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 08:08 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

সোমবার রাতে নিজেদের মাঠে আর্সেনালের কাছে ম্যাচটি ২-১ গোলে হারে ইউনাইটেড। 
 
দি মারিয়ার দুই হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখা এবং মাঠ ছাড়ার বিষয়টি ঘটে ম্যাচের ৭৫ ও ৭৬তম মিনিটে। 
 
ইউনাইটেড তখন ২-১ গোলে পিছিয়ে। ৭৫তম মিনিটে আর্সেনালের ডি বক্সের সামনে ডাইভ দেন দি মারিয়া। রেফারি মাইকেল অলিভার কাছেই ছিলেন। এটা অভিনয় বুঝতে পেরে দি মারিয়াকে হলুদ কার্ড দেন তিনি। 
 
এরপর এ নিয়ে কথা বলতে গিয়ে রেফারির জামা ধরে টান দেন দি মারিয়া। রেফারি আবার তাকে হলুদ কার্ড দেখান। 
 
দি মারিয়ার দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার বিষয়টি নিয়ে কোনো অভিযোগ নেই ইউনাইটেড কোচ লুইস ফন গালের। 
 
"আমার মনে হয় সে রেফারিকে স্পর্শ করেছে এবং এটা সব দেশেই নিষিদ্ধ। তাই এ নিয়ে তার কোনো ছুতো নেই।" 
 
তবে দি মারিয়া রেফারির জামা আবেগের বশে ধরেছিলেন বলে মনে করেন ফন গাল।