দুরন্ত বার্সেলোনার সামনে 'পুচকে' লেভান্তে
সব মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বার্সেলোনা এবার লিগ ম্যাচে লেভান্তের বিপক্ষে খেলতে নামবে। শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে ঢের এগিয়ে থাকলেও বার্সেলোনা কোচ লুইস এনরিকে লেভান্তেকে মোটেও সহজভাবে নিচ্ছেন না।
কাম্প নউতে রোববার রাত ১০টায় মুখোমুখি হবে লিগের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ও অবনমন অঞ্চলে থাকা লেভান্তে। এ ম্যাচটি বার্সেলোনার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে লিগের তালিকায় বেড়ে যাওয়া ব্যবধান কমিয়ে আনার সুযোগ। আর অবনমনের চোখ রাঙানি কাটিয়ে ওঠার সুযোগ লেভান্তের।
লেভান্তে তলানিতে থাকার কারণেই বার্সেলোনা কোচ এনরিকের সমীহ পাচ্ছে। নিজেদের দল ছন্দে থাকলেও স্পেনের অন্যতম সফল দলটির কোচ বলেন, “আমরা দারুণ ছন্দে আছি, কিন্তু জটিল পরিস্থিতিতে থাকা কোনো দলকে আমি কখনোই বিশ্বাস করি না।”
ফ্লুর কারণে এ ম্যাচে মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তাকে পাবে না বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেসকে ছাড়াই সেরা একাদশ সাজাতে হবে এনরিকে। তবে নিজেদের মাঠে সবশেষ নয় ম্যাচে গোল পাওয়া লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেস-এই তিনজনই থাকছেন বার্সেলোনার ফরোয়ার্ডে।
প্রতিপক্ষের সঙ্গে নিজেদের সামর্থ্যের ব্যবধানটা তাই ভালোভাবেই জানা ১৯ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় ১৮তম স্থানে থাকা লেভান্তে কোচ লুকাস আলকারাস। তবে তিনিও হারের আগে হেরে যেতে রাজি নন, “আমরা আমাদের যা আছে, তার সবটুকু দিয়েই খেলব।”
পরিসংখ্যান অবশ্য লেভান্তেকে আশা দেখাচ্ছে না। এই মৌসুমে দুই দলের প্রথম দেখায় বার্সেলোনা ৫-০ গোলে জিতেছিল। এ পর্যন্ত বার্সেলোনার মাঠে নয় ম্যাচ খেলেছে লেভান্তে এবং নয় ম্যাচেই হার মেনেছে তারা।
তাছাড়া বার্সেলোনার তিন ফরোয়ার্ড আছেন ফর্মের তুঙ্গে। কাম্প নউতে গত নয় ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ গোল করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। সেভিয়ার বিপক্ষের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও ছন্দে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। লিভারপুল ছেড়ে কাম্প নউতে আসা সুয়ারেসও গোলের দেখা পেয়েছেন ক'দিন আগে। লেভান্তে কোচও জানিয়েছেন, এই তিন তারকা তাদের জন্য সমস্যা হবে।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়ে লিগের তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল। রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।
