শেষ মুহূর্তের গোলে লিভারপুলের জয়
দ্বিতীয় সারির দল বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে নাটকীয় জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে লিভারপুল।
বুধবার রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচে ২-১ গোলে জেতে লিভারপুল। গত ২৪ জানুয়ারি অ্যানফিল্ডে প্রথম লড়াইটি গোলশূন্য ড্র হয়েছিল।
বোল্টনের মাঠে ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে রাহিম স্টার্লিংয়ের একটি শট পোস্টে না লাগলে অবশ্য এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারতো লিভারপুল।
পরে ৫৯তম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। পেনাল্টি থেকে গোল করেন আইসল্যান্ডের ফরোয়ার্ড এইজোর গুজিয়োনসেন।
দ্বিতীয়ার্ধে অল রেডদের আরও দুটি শট পোস্টে ও বারে লাগলে হারতেই বসেছিল তারা। তবে শেষ ৫ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রেন্ডন রজার্সের দল।
৮৬তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার স্টার্লিংয়ের ঠাণ্ডা মাথায় করা গোলে সমতায় ফেরে লিভারপুল। আর ৯০তম মিনিটে ডি বস্কের অনেকখানি বাইরে থেকে দুর্দান্ত শটে জয় নিশ্চিত করেন ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কোতিনিয়ো।
পঞ্চম রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে লিভারপুল।
