২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে মুখোমুখি বার্সা-আতলেতিকো

দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে মাদ্রিদের দলটিকে কঠিন প্রতিপক্ষ মানছেন লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 11:10 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

আর আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনের মতে, বার্সেলোনার এখনকার দলটি তাদের অন্যতম সেরা দল। সব ধরণের প্রতিযোগিতা মিলে গত চার ম্যাচে ১৬ গোল করেছে বার্সেলোনা, বিপরীতে তারা হজম করেছে মাত্র একটি গোল।

বুধবার বাংলাদেশ সময় রাত তিনটায় বার্সেলোনার মাঠ কাম্প নউতে হবে স্প্যানিশ কাপের শেষ আটের প্রথম পর্বের ম্যাচটি।

বার্সেলোনাকে শক্ত প্রতিপক্ষ মেনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিমেওনে বলেন, “রক্ষণে এবং আক্রমণে তারা খুবই শক্তিশালী।”

গত সপ্তাহে লা লিগায় বার্সেলোনার মাঠ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফিরেছিল সিমেওনের দল। তাই এবারের লড়াইটা তাদের জন্য প্রতিশোধ নেয়ার একটা সুযোগও বটে।

বার্সেলোনা কোচ লুইস এনরিকে অবশ্য গেল সপ্তাহের সাফল্যের সঙ্গে এই ম্যাচের কোনো সম্পর্ক দেখছেন না।

“ওই ম্যাচের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, কিন্তু মানসিকভাবে এগিয়ে থাকতে এটা আমাদের জন্য সুবিধা হবে।”

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আতলেতিকোর বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স যেমন বার্সেলোনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে, তেমনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ আটে ওঠা থেকে প্রেরণা পাচ্ছে মারিও মানজুকিচ ও রাউল গার্সিয়ারা।

দুই লেগ মিলে রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে ওঠে আতলেতিকো।

বার্সেলোনাকে হারাতে আক্রমণনির্ভর ফুটবল খেলতে হবে বলে মনে করেন সিমেওনে।

“আক্রমণের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করাটাই মূল কাজ হবে। আমরা যেমন চাই তেমনভাবে আক্রমণ করতে পারলে, আমাদের একটা সুযোগ আছে।”

লিগেও দল দুটি ভালোভাবেই শিরোপা লড়াইয়ে টিকে আছে। ১৯টি করে ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তিন পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো।

রিয়াল এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।