২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগে ষষ্ঠ হওয়ার লক্ষ্যে দল গুছিয়েছে ফেনী সকার

২০১৪-১৫ মৌসুমের প্রিমিয়ার লিগে ওপরের দিকে থাকতে চায় ফেনী সকার। দলটির কর্মকর্তাদের বিশ্বাস লক্ষ্য পূরণের মতো দল গুছিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 07:28 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

গত মৌসুমের প্রিমিয়ার লিগের তালিকায় নবম স্থানে ছিল ফেনী সকার। অল্পের জন্য গতবার অবনমন থেকে বেঁচে যাওয়া দলটির ম্যানেজার সাখাওয়াত হোসেন শাহিন বলেন, “এবার লিগে অন্তত ষষ্ঠ হওয়ার লক্ষ্য আমাদের।”

গত মৌসুমে লিগে ভালো না করলেও অন্যান্য আসরে সকারের পারফরম্যান্স নজর কেড়েছিল সবার। ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনাল ও স্বাধীনতা কাপের ফাইনালে খেলেছিল দলটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মঙ্গলবার ২৬ জনের দল জমা দেয় ফেনী সকার। এখন পর্যন্ত কোনো বিদেশি ফুটবলার না কিনলেও আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়নের থেকে এবার কয়েকজন ফুটবলার টেনেছে তারা। তবে দলবদলের সময় জানুয়ারির শেষ পর্যন্ত থাকায় দেশের বাইরে থেকে ফুটবলার আনার পথ খোলা থাকছে ফেনীর সামনে।

ফেনী সকারের ২৬ জনের দল:

আহসান হাবিব বিপু, আকবর হোসেন রিদান, রমজান আলি, মো. শাহীন, জহিরুল ইসলাম, আশিক আহমেদ, মো. পারভেজ, মঞ্জুর রহমান, সোহেল মিয়া, সেলিম উল্লাহ, মো. রকি, ইসতেখারুল আলম শাকিল, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আজমল হোসেন বিদ্যুৎ, আলি হোসেইন, আলাউদ্দিন, শাহরান হাওলাদার, শাজাহান সম্রাট, সবুজ বিশ্বাস, সুজন বিশ্বাস, নুরুল করিম, শিতাল, ইকবাল হেসেন ভূইয়া, এমদাদুল হক ও ইমরান হোসেন।