মেসির রেকর্ড ছুঁলেন রোনালদো
মৌসুমের শুরু থেকে দারুণ খেলতে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো আরেকটি রেকর্ড ছুঁয়েছেন। লিগের ঠিক মাঝামাঝি সময় পর্যন্ত লিওনেল মেসির গড়া ২৮ গোলের রেকর্ড স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় এই তারকা।
গত রোববার গেতাফের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে মাইলফলকটি স্পর্শ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
২০১১-১২ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন মেসি। ওই মৌসুমে লিগে শেষ পর্যন্ত আর্জেন্টিনা অধিনায়ক গোল করেছিলেন ৫০টি, যা এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।
মেসিকে ছাড়িয়ে মৌসুমের মাঝামাঝি পর্যন্ত গোলের নতুন রেকর্ড গড়ারও সুযোগ আছে রোনালদোর। কারণ বার্সেলোনা লিগের ঠিক অর্ধেক অর্থাৎ ১৯টি ম্যাচ খেললেও রিয়াল এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছে।
লা লিগায় ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট কম নিয়ে শিরোপা লড়াইয়ে ভালোভাবেই আছে বার্সেলোনা।
