পোল্যান্ডের কাছে বাংলাদেশের হার
সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে মেক্সিকোকে হারানোর আত্মবিশ্বাস গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী পোল্যান্ডের কাছে ৫-০ গোলে হেরে গেছে কৃষ্ণ কুমার দাসের দল।
হারলেও কৃষ্ণদের পরের পর্বে খেলার আশা টিকে আছে। এই হারে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-এর তালিকায় তৃতীয় হয়েছে বাংলাদেশ। আর তিন জয়ে পাওয়া ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী পুল ‘এ’-এর দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে তৃতীয় কোয়ালিফাইং ম্যাচ খেলবেন জিমিরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটার এই ম্যাচ জিতলে সেমি-ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
মঙ্গলবারের ম্যাচে পাঁচ গোলের চারটিই পেনাল্টি কর্নার থেকে খায় বাংলাদেশ। পোল্যান্ডের অধিনায়ক পাওয়েল ব্রাতকোভস্কি হ্যাটট্রিক করেন।
ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ভালো সূচনা পায়নি। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে হেরে যায় কৃষ্ণর দল। তবে পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মেক্সিকোকে ৬-১ গোলে উড়িয়ে দেয় তারা।
