মেক্সিকোকে উড়িয়ে দিল বাংলাদেশ
সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও মেক্সিকোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
বাংলাদেশের জয়ে সারোয়ার হোসেন তিনটি ও রাসেল মাহমুদ জিমি দুটি গোল করেন। অপর গোলটি করেন পুস্কর খীসা মিমো।
উনিশতম মিনিটে আলেক্সিস কামপিল্লোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। তবে ম্যাচের বাকি সময় জিমি-সারোয়ারদের কাছে অসহায় আত্মসমর্পণই করতে হয় তাদের।
সমতায় ফেরা গোলের জন্য অবশ্য ৩২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। পেনাল্টি কর্নার থেকে দলকে ১-১ গোলের সমতায় ফেরান সারোয়ার। এরপর মেক্সিকোর জালে শুরু হয় বাংলাদেশের গোল বন্যা।
সারোয়ারের গোলের পাঁচ মিনিট পর বাংলাদেশকে এগিয়ে দেন জিমি। ৪৩তম মিনিটে ফিল্ড গোল দিয়ে স্কোরলাইন ৩-১ করেন মিমো। এক মিনিটের ব্যবধানে জিমি ব্যক্তিগত দ্বিতীয় ফিল্ড গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
শেষ কোয়ার্টারে সারোয়ার আরো দুই গোল করলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ৫০তম ও ৬০তম মিনিটে গোল দুটি করেন সারোয়ার।
পুল ‘বি’-এর প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৫-১ গোলে হেরেছিল বাংলাদেশ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর একটায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে গোবিনাথান কৃষ্ণমূর্তির ছাত্ররা।
ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্বে খেলার টিকেট পায় বাংলাদেশ।
