২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্টন ভিলার মাঠে জিতল লিভারপুল

অ্যাস্টন ভিলার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 11:34 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

ভিলা পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের জয়ে একটি করে গোল দেন ফাবিও বোরিনি ও রিকি ল্যাম্বার্ট।

২৪তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। জর্ডান হেন্ডারসনের ক্রস থেকে পোস্টের খুব কাছাকাছি স্থানে থাকা বোরিনি গোলটি করেন।

প্রথমার্ধের শেষ দিকে বোরিনি ও রাহিম স্টার্লিংয়ের দুটি শট লক্ষ্যভ্রষ্ট হলেও ১-০ স্কোরলাইন ধরে রেখে বিরতিতে যায় ব্রেন্ডন রজার্সের দল।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের রক্ষণভাগে বেশ চাপ তৈরি করে অ্যাস্টন ভিলা। তবে একাধিক আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

৭৯তম মিনিটে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের ল্যাম্বার্ট। প্রতিপক্ষের এক ফুটবলারের ভুল পাসে বল পেয়ে গিয়েছিলেন স্টার্লিং। তার বাড়ানো বল অ্যাস্টন ভিলার জালে জড়িয়ে দেন ল্যাম্বার্ট। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও তা আটকাতে পারেননি স্বাগতিক গোলরক্ষক।

এই জয়ে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে অ্যাস্টনের পয়েন্ট ২২।

দিনের আরেক ম্যাচে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান মজবুত করেছে চেলসি। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫২।

অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে কিউপিআরকে। ২২ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ৪০।