মারাদোনাকে এনে ফুটবল লিগ আয়োজনে তোড়জোড়
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে এনে ইন্ডিয়ান সুপার লিগের আদলে বাংলাদেশে একটি ফুটবল লিগ আয়োজনের তোড়জোড় চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন পেয়ে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আয়োজন করার পথে অনেকখানি এগিয়ে যাওয়ার দাবি করেছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ।
সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী শুক্রবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করেন। আলোচনার পর সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, ফেডারেশনের কাছ থেকে লিগ আয়োজনের অনুমতি পেয়েছেন তিনি।
ভাস্বরের দাবি, মারাদোনার সঙ্গে লিগের বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে। আর্জেন্টাইন কিংবদন্তি লিগের চেয়ারম্যান হতে রাজি হয়েছেন। বাফুফের কাছ থেকে লিগের ব্যাপারে চিঠি পাওয়ার কথাও জানান তিনি।
সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী জানান, এ বছরের শেষ দিকে লিগের আয়োজন করতে চান তারা। এজন্য ফেডারেশনকে ১২ সপ্তাহ সময় বের করার অনুরোধও করেছেন তারা।
কিন্তু টুর্নামেন্টটি আয়োজন করা নিয়ে ফেডারেশন সভাপতি একটু সাবধানী। এর আগে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে প্রীতি ম্যাচের আয়োজনে সেলিব্রেটি গ্রুপ জড়িত ছিল বলে তাদেরকে অবিশ্বাস করছেন না সালাউদ্দিন। তবে প্রতিষ্ঠানটিকে চূড়ান্তভাবে ‘হ্যাঁ’ বলার আগে প্রতিশ্রুতি অনুযায়ী মারাদোনাকে ঢাকায় দেখতে চান তিনি।
“তাদের বলেছি, টুর্নামেন্টের বিষয় ফাইনাল করার আগে মারাদোনাকে ঢাকায় এনে প্রেস কনফারেন্স করো। তিনি যদি অনারারি চেয়ারম্যান হতে চান, তাহলে আমরা বসব। তিনি এলে আমরা বিস্তারিত আলোচনায় যাব।”
“উনি (মারাদোনা) এলে বুঝতে পারব ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা যাবে কিনা। যতক্ষণ না পর্যন্ত মারাদোনা ঢাকায় এসে আমার সঙ্গে সংবাদ সম্মেলন না করছেন, তার আগ পর্যন্ত আমি তাদের (সেলিব্রেটি গ্রুপ) সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলাপ করতে যাব না”, যোগ করেন সালাউদ্দিন।
