সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেলজিয়ান মিডফিল্ডারের
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জার্মানির বুন্দেসলিগার ক্লাব ভলফসবুর্গের মিডফিল্ডার জুনিয়র মালান্দা।
বেলজিয়ামের অনূর্ধ্ব-২১ দলের এই ফুটবলার এ মৌসুমে ভলফসবুর্গের হয়ে ১৫ ম্যাচ খেলেছেন।
ভলফসবুর্গের পুলিশ জানায়, ভাড়া করা গাড়িতে ভ্রমণ করছিলেন মালান্দা। জার্মানির বিলেফেল্ড শহরের কাছে গাছের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি। মালান্দা সেখানেই মারা যান। গাড়িতে থাকা অপর দুই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দক্ষিণ আফ্রিকায় অনুশীলন ক্যাম্পে যাওয়ার জন্য তার সতীর্থদের সঙ্গে মিলিত হওয়ার পথে ছিলেন ২০ বছর বসয়ী মালান্দা।
তরুণ এই ফুটবলারের অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না তার ক্লাব আর সতীর্থরা।
ভলফসবুর্গের ক্রীড়া পরিচালক ক্লাউস আলফস এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাসই করতে পারছি না, সে আমাদের সঙ্গে আর নেই।”
