আবাহনীতে ট্রায়াল দিতে হাঙ্গেরির ৩ ফুটবলার
বাংলাদেশের ঘরোয়া লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলার আশা নিয়ে হাঙ্গেরি থেকে এসেছেন তিন ফুটবলার। তবে এই তিন ফুটবলারকে ভালোভাবে পরখ করে নিয়েই চুক্তি করবে আবাহনী।
সাবলচ চরবা, গাবর দেমিয়েন ও গিউলা ইলিস- হাঙ্গেরির এই তিন ফুটবলার শনিবার ভোরে ঢাকায় পৌঁছান। খানিক বিশ্রাম নিয়ে তিনজনই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্ফে আবাহনীর স্বদেশি কোচ জর্জ কোটানের সামনে হালকা অনুশীলন করেন।
তবে হাঙ্গেরির এই তিন ফুটবলারের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি আবাহনী। দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, “সকালে এসে তারা একটু গা গরম করেছেন। অনুশীলনে তাদের আরো তিন-চার দিন দেখে শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই আমরা।”
আবাহনী কোচ জর্জ কোটান আগ্রহ দেখিয়ে এই তিন ফুটবলারকে হাঙ্গেরি থেকে বাংলাদেশে উড়িয়ে এনেছেন। এ তাদের মান নিয়ে আশাবাদী রূপু।
“কোটান যেহেতু তাদেরকে এনেছেন, সেহেতু ভালো হওয়ার কথা।”
লম্বা পথ ভ্রমণের পর বাংলাদেশে এসে প্রাথমিক ট্রায়াল দিয়ে তিন হাঙ্গেরিয়ান ফুটবলার উঠেছেন কোচ কোটানের ধানমণ্ডির ফ্ল্যাটে। সেখানেই তিন ফুটবলারের একজন চরবার সঙ্গে কথা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই উঠতি ফরোয়ার্ড জানান, বাংলাদেশের ফুটবল সম্পর্কে ইউটিউব থেকে একটু-আধটু ধারণা নিয়েছেন তিনি।
“আবাহনী সম্পর্কে আমার জানাশোনা নেই। কোচের কাছ থেকে শুনেছি, আবাহনী এখানকার অন্যতম সেরা ক্লাব। তবে ইউটিউব থেকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে একটু জেনেছি।”
চরবা হাঙ্গেরির ঘরোয়া লিগের দল দেব্রেসেনির হয়ে ২০১৩ সাল পর্যন্ত খেলেছেন। তবে সিনিয়র দলের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
হাঙ্গেরির দ্বিতীয় সারির লিগে খেলেন দেমিয়েন। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের হাঙ্গেরির অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার।
এই তিন বিদেশি ফুটবলারের মধ্যে ইলিসই সবচেয়ে বেশি বয়সী। ৩২ বছর বয়সী এই উইঙ্গারও খেলেন দ্বিতীয় সারির লিগে।
