২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কোচদের ‘চ্যালেঞ্জ’ নিচ্ছেন মারুফুল

মাঠে খেলবেন ফুটবলাররাই, তবে আড়ালে কৌশল ঠিক করার কাজটি করেন কোচ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আসা বিদেশি কোচদের কৌশলের বিপক্ষের লড়াইটাকে তাই ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিচ্ছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ মারুফুল হক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 08:57 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

মুক্তিযোদ্ধা ও আবাহনীর প্রস্তুতি ম্যাচ দেখতে বৃহস্পতিবার ঢাকার সামরিক জাদুঘর স্টেডিয়ামে আসেন মারুফুল। সেখানেই বিদেশী কোচদের সম্পর্কে নিজের অভিমত সাংবাদিকদের জানান তিনি।

“ঘরোয়া ফুটবলে এর আগেও আমি বিদেশি কোচদের বিপক্ষে খেলেছি। এটা আমার কাছে খুব একটা নতুন বিষয় নয়। তবে এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নেই।”

“তারা ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে আসেন। এটা আমাদের ঘরোয়া ফুটবলের জন্যও ভালো। আমি চেষ্টা করি তাদের কৌশলগুলো শিখতে”, যোগ করেন তিনি।

সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এবার ছয় বিদেশি কোচ দেখা যাবে। এরই মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে ইতালির ফ্লাভিও রাফ্ফো, আবাহনী লিমিটেডে হাঙ্গেরির জর্জ কোটান ও শেখ রাসেলের ক্রীড়া চক্রে মন্টেনেগ্রোর দ্রাগান দুকানোভিচ কাজ শুরু করেছেন।

এছাড়া টিম বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকারও বিদেশি কোচ আনার প্রায় পাকাপাকি করে রেখেছে।

শ্রীলঙ্কা থেকে পাকির আলিকে আনবে বিজেএমসি। ভারতের কোচ সৈয়দ নঈমুদ্দিনকে আনছে ব্রাদার্স। ফেনী সকারও প্রায় পাকা করে রেখেছে গাম্বিয়ার কোচ ওমর সিসেকে নিয়োগ দেয়ার বিষয়টি।

ঘরোয়ার বড় দলগুলোর বিদেশি কোচের প্রতি আগ্রহের দিকে তাকালে শেখ জামালকে ‘ব্যতিক্রম’ মানতে হবে । স্থানীয় কোচ মারুফুলের ওপর আচ্ছা রেখেছে তারা। গত মৌসুমে দলকে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের শিরোপা জিতিয়ে আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি।

বিদেশী কোচদের কৌশলের বিপক্ষে লড়াই করে এবার শেখ জামালকে শিরোপা এনে দেয়ার চ্যালেঞ্জ তাই ভালোভাবে থাকছে মারুফুলের ওপর। তবে বিদেশি কোচদের মধ্যে আবাহনীর জর্জ কোটানকেই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাবছেন তিনি।

“যারা এসেছেন তারা সবাই ভালো। আসলে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। তবে বিদেশি কোচদের মধ্যে যারা এসেছেন, তাদের মধ্যে কোটান সবচেয়ে অভিজ্ঞ। ওনার বিপক্ষেই আমাকে সবচেয়ে বেশি লড়তে হবে।”