এলএ গ্যালাক্সিতে যাচ্ছেন জেরার্ড
লিভারপুল আগেই টুইটারে জানিয়েছিল স্টিভেন জেরার্ড মেজর সকার লিগের কোনো দলে যোগ দিচ্ছেন। এবার যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল এলএ গ্যালাক্সি জানিয়েছে, ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডারকে দলে টেনেছে তারা।
বুধবার এলএ গ্যালাক্সি জানায়, আগামী জুলাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন জেরার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুলের সঙ্গে জেরার্ডের বর্তমান চুক্তির মেয়াদ জুলাইয়ে শেষ হবে।
৩৪ বছর বয়সী জেরার্ডকে দলে টানতে পেরে খুশি এলএ গ্যালাক্সির সভাপতি ক্রিস ক্লেইন। জেরার্ডও মুখিয়ে আছেন নতুন মিশন নিয়ে।
“যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু নিয়ে আমিও উন্মুখ হয়ে আছি।”
গত শুক্রবার লিভারপুল অধিনায়ক জেরার্ড এই মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লিভারপুলের বিপক্ষে প্রতিযোগিতা করতে হবে, এমন কোনো ক্লাবে খেলবেন না তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে আট বছর বয়সে নাম লেখান জেরার্ড। সেই থেকে এখানেই আছেন তিনি। ৩৪ বছর বয়সী জেরার্ড লিভারপুলের হয়ে ৬৯৫ ম্যাচ খেলে ১৮০ গোল করেন।
২০০৫ সালে এসি মিলানকে হারিয়ে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন জেরার্ড। এছাড়া অল রেডদের হয়ে ছোট-বড় আরও ৯টি শিরোপা জেতেন তিনি।
