২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দফা বাড়ল ফুটবলে দল বদলের সময়

ঘরোয়া প্রিমিয়ার লিগের দল বদলের সময় আবারো বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের জানান, ক্লাবগুলোর অনুরোধে দল বদলের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

গত ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ছিল দল বদলের মূল সময়। প্রথম দফায় তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। ক্লাবগুলো নির্ধারিত সময়ে দল গুছিয়ে নিতে না পারায় দ্বিতীয় দফায় ৭ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।

সালাম মুর্শেদী জানান, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ফরাশগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফেনী সকার ও রহমতগঞ্জ-এই ছয়টি ক্লাব দল বদলের জন্য প্রস্তুত নয় বলে সময় বাড়ানো হয়েছে।

“সিংহভাগ ক্লাবই দল বদলের সময় বাড়ানোর আবেদন করেছিল। ফলে ৭ জানুয়ারির পরিবর্তে দেশি খেলোয়াড়দের ট্রান্সফার উইন্ডো ৩১ জানুয়ারি পর্যন্ত বিদেশি খেলোয়াড়দের সঙ্গেই বর্ধিত করেছি আমরা।”

“আসলে ক্লাবগুলো এটা বাড়ানোর জন্য অনেকগুলো কারণ দেখিয়েছে। সেগুলো বিবেচনা করে দেখলাম, ট্রান্সফার উইন্ডো ক্লোজ করেও আমরা খেলা চালাতে পারছি না। এ কারণেই সময় বাড়িয়েছি”, যুক্তি দেখান তিনি।

দল বদলের সময় তৃতীয় দফা বাড়ানোর ক্ষেত্রে ক্লাবগুলোর পক্ষ থেকে চাপ ছিল না বলে দাবি করেন বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করা সালাম মুর্শেদী।

“ক্লাবগুলো এ জন্য আমাদেরকে কোনো চাপ দেয়নি। তাদের চাপে আমরা এগুলো করি না। ফুটবলের স্বার্থে এটা করেছি আমরা।”