ইহুদি বিদ্বেষ দেখিয়ে এক ম্যাচ নিষিদ্ধ বালোতেল্লি
লিভারপুলের বিতর্কিত ফরোয়ার্ড মারিও বালোতেল্লিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ‘ইহুদি বিদ্বেষী’ বার্তা দেয়ার কারণে এই শাস্তি পেতে হলো ইতালির এই খেলোয়াড়কে।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের এই শাস্তি মেনে নিয়ে টুইটারের মাধ্যমে সবার কাছে ক্ষমা চান ইতালির ২৪ বছর বয়সী ফরোয়ার্ড বালোতেল্লি।
ডিসেম্বরের শুরুর দিকে ইনস্টাগ্রামে সুপার মারিও গেমের চরিত্রের একটি ছবি দিয়ে তাতে বালোতেল্লি লিখেছিলেন, “বর্ণবাদী হয়ো না, মারিওর মতো হও। জাপানের লোকদের তৈরি ইতালির কল মিস্ত্রি সে; সে কথা বলে ইংরেজিতে এবং দেখতে মেক্সিকানদের মতো।”
সঙ্গে যোগ করেন, “...কালো মানুষের মতো লাফায় এবং ইহুদিদের মতো পয়সা আঁকড়ে ধরে।”
এ মৌসুমেই এসি মিলান থেকে লিভারপুলে নাম লেখানো বালোতেল্লি অবশ্য কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম থেকে ছবিটি সরিয়ে নেন এবং দাবি করেন, এটি তিনি বাজে কোনো মনোভাব থেকে করেননি।
লিভারপুলে নাম লেখানোর পর বেশ কয়েকটি বিতর্কের জন্ম দিয়ে খবরের শিরোণাম হওয়া বালোতেল্লি ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ১৫ ম্যাচে মাত্র দু’টি গোল করেন।
