উজাড় করে খেলতে আহবান মামুনুলের
প্রীতি ম্যাচে জাপান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে জয় চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে কাজটা যে সহজ হবে না, তা জানেন মামুনুল ইসলাম। জাপানের যুবাদের হারাতে তাই সতীর্থদের প্রতি নিজেদের উজাড় করে দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একমাত্র প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জাপান। ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটায়। খেলা সরাসরি দেখাবে চ্যানেল নাইন। আর ধারা বিবরণী শোনা যাবে রেডিও ভূমিতে।
ম্যাচের আগে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে মামুনুল সতীর্থদের সতর্ক করে দেন।
“জাপান এশিয়ার এক নম্বর দল। তাদের যে দলটি এসেছে, তারাও সেরা। তাদের হারাতে হলে নিজেদের শতভাগের বেশি দিতে হবে। আমি বলব, ওদেরকে হারাতে হলে সামর্থ্যের ১১০ ভাগ দিতে হবে।”
মামুনুলের অবশ্য নিজের সতীর্থদের ওপর পূর্ণ আস্থা আছে।
“দলের ওপর বিশ্বাস আছে আমার। এখন যারা দলে আছে, তারা মানসিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আমাদের এই দলটায় সব পজিশনেই ভালো খেলোয়াড় আছে।”
দু’দিন আগে ভারত থেকে দেশে ফিরেছেন মামুনুল। ভালো প্রস্তুতি নিলেও ইন্ডিয়ান সুপার লিগের দল আতলেতিকো দি কলকাতার হয়ে খেলার সুযোগ পাননি তিনি। এই প্রীতি ম্যাচের জন্য সতীর্থদের সঙ্গে প্রস্তুতি নেয়ার খুব বেশি সময় পাননি মামুনুল। তবে অতীত অভিজ্ঞতার কারণে জাতীয় দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে জানান তিনি।
“ওখানে ১৫ দিন অনুশীলন করেছি। চোট নিয়ে গিয়েছিলাম। এখন চোট সমস্যা নেই। ওখানে ম্যাচ খেলতে পারিনি। তবে জাতীয় দলে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না। আশা করি খেলা শুরু হলে পাঁচ-দশ মিনিটের মধ্যে মানিয়ে নিতে পারব।”
এ বছর দক্ষিণ কোরিয়ার এশিয়ান গেমসে অংশ নেয় জাপানের এই অনূর্ধ্ব-২১ দল। কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় তারা। এশিয়ান গেমসের পর থাইল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে জাপান; ম্যাচটি ২-০ গোলে জেতে তারা।
জাপান অনূর্ধ্ব-২১ দলের শক্তি-সামর্থ্য সম্পর্কে কোচ সাইফুল বারী টিটোর কাছ থেকে জানার কথা বলেন মামুনুল।
“ওদের আক্রমণভাগ সম্পর্কে আমরা জানি। কোচ এ ব্যাপারে আমাদের বলেছেন।”
ম্যাচটি নিজেদের মাঠে হবে বলে আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ। দেশের মাটিতে খেলা সবশেষ চার ম্যাচে বাংলাদেশের সাফল্যের হার বেশি। নেপালের বিপক্ষে খেলা দুই ম্যাচে একটিতে জয় ও অন্যটিতে হেরেছিল মামুনুলের দল। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুই ম্যাচের প্রথমটিতে ড্র করলেও দ্বিতীয়টিতে জিতেছিল স্বাগতিকরা।
