২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপের শেষ চারে চেলসি

লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা চেলসি। শেষ আটের লড়াইয়ে ডার্বি কাউন্টিকে ৩-১ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 06:04 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ২৩তম মিনিটে এডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় চেলসি। ডার্বির ইংলিশ ডিফেন্ডার রিচার্ড কিও দলকে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান সেস ফাব্রেগাস। স্পেনের এই মিডফিল্ডারই ডি বক্সের মধ্যে ঢুকে পড়া বেলজিয়ামের মিডফিল্ডারকে পাস দেন।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা চেলসি ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের ফ্রি-কিকে সামনের রক্ষণ প্রাচীরের উপর দিয়ে গোলটি করেন ফিলিপে লুইস। ৭১তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিল স্বাগতিক ডার্বি। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলটি করেন স্কটল্যান্ডের মিডফিল্ডার ক্রেইগ ব্রাইসন। সাত মিনিট পরেই অবশ্য বড় একটা ধাক্কা খায় ডার্বি। চেলসির ফরাসি স্ট্রাইকার লুইস হাইমিকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার জ্যাক বুক্সটন। ১০ জনের দলে পরিণত হয়ে আর ম্যাচে ফিরতে পারেনি ডার্বি। ৮২তম মিনিটে ব্যবধান ৩-১ করে জয় নিশ্চিত করেন আন্দ্রে শুরলে। ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন জার্মানির এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত। শেষ আটে দিনের অন্য ম্যাচে সাউথহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে শেফিল্ড ইউনাইটেড।