'ফাইনালের জন্য গোল জমিয়ে রেখেছে রোনালদো'
ক্লাব বিশ্বকাপে বড় ব্যবধানে জিতে রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলেও গোল পাননি দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ কার্লো আনচেলত্তি বললেন, পর্তুগালের এই উইঙ্গার ফাইনালের জন্য গোল জমিয়ে রেখেছেন।
মঙ্গলবার মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে দুই অর্ধে দুবার করে মেক্সিকোর দল ক্রুস আসুলের জালে বল পাঠায় রিয়াল মাদ্রিদ। ৪-০ ব্যবধানের এই জয়ে গোল করেন গ্যারেথ বেল, ইসকো, সের্হিও রামোস ও করিম বেনজেমা।
রোনালদো গোল না করলেও বেল আর ইসকোর গোলে অবদান রাখেন। ম্যাচ শেষে দলের পর্তুগালের এই উইঙ্গারকে নিয়ে প্রশংসায় মাতেন আনচেলত্তি।
"ক্রিস্তিয়ানো খুব ভালো খেলেছে। সে আমাদের অনেক সহায়তা করেছে এবং গোল না পেলেও খুব কার্যকরী ছিল। সে অবশ্যই একটি গোল ফাইনালের জন্য জমিয়ে রেখেছে।"
ইকের কাসিয়াস একটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের জন্য কাজটা অনেক সহজ করে দেন। ম্যাচ শেষে স্পেনের এই গোলরক্ষকেরও প্রশংসা করেন আনচেলত্তি।
