হকির মিলন মেলায় ‘প্রাণের দাবি’ লুসাইয়ের
কারো বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। কারো পঞ্চাশ পেরিয়েছে অনেক আগে। বয়সের ভারে একটু খেলার পরই কেউ কেউ হাঁপিয়ে উঠে বসে পড়েছেন বেঞ্চে। তবুও মিলন মেলায় আসতে পারার বাঁধনহারা আনন্দে ঠিকই মাতলেন হকির সাবেক তারকারা। আর জুম্মন লুসাই তো ‘প্রাণের দাবিও’ তুললেন-এমন ম্যাচ প্রতিবছরই হোক।
মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচে ফের হকি স্টিক হাতে তুলে নিয়েছিলেন লুসাই, মাহবুব হারুন, বশির আহমেদ, মহসিন, কামাল, রহমতউল্লাহরা। ফেডারেশন একাদশ ও সভাপতি একাদশে ভাগ হয়ে দুই দলে ৩৩জন খেলেছেন। এদের মধ্যে একজনই বিদেশি-গোবিনাথন কৃষ্ণমূর্তি। বাংলাদেশ দলের এই কোচও এ দেশের কিংবদন্তিদের সঙ্গে খেলার সুযোগটা হাতছাড়া করতে চাননি।
গোবিনাথন তো এমন একটি ম্যাচের অংশ হতে পেরে দারুণ খুশি।
“আমাদের ওখানেও (মালয়েশিয়া) প্রতি সোমবার এমন ম্যাচ খেলা হয়। এই মিলন মেলা আমাদের ভীষণ ভালো লাগে। তাছাড়া বাংলাদেশের সাবেক খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ হলো-এটাও দারুণ ব্যাপার।”
গোবিনাথনের সঙ্গে সুর মেলালেন জুম্মন লুসাইও। বাংলাদেশ হকির এই কিংবদন্তির চাওয়া, এমন আনন্দ ফিরে আসুক বারবার।
“আমরা একটা পরিবারের মতো। সবাই একসঙ্গে হতে পেরে খুবই ভালো লাগছে। আমি মনে করি হকি ফেডারেশনের উচিত এ ধরণের আয়োজন প্রতি বছর করা।”
মিলন মেলাটাকে একটা মেলবন্ধনে রূপ দিতে না পারার জন্য একটু আফসোসও আছে জুম্মনের।
“এখন যারা (হকি দলে) খেলছে, তাদেরও ডাকা উচিত ছিল। তাহলে ওরা আমাদের দেখতে পারত, চিনতে পারত, জানত ওদের আগে কারা খেলেছে। তাহলে আমাদের সঙ্গে এই প্রজন্মের একটা মেলবন্ধন হতো।”
প্রীতি ম্যাচে বাহফে একাদশ ৬-৪ গোলে সভাপতি একাদশকে হারিয়েছে। গোল করেছেন ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। গোল না পেলেও সতীর্থদের গোলে অবদান রেখেছেন রফিকুল ইসলাম কামাল। তবে এ ম্যাচের হার-জিত কোনো ব্যাপারই নয় বশিরের কাছে।
“আজ বঙ্গভবনে যাওয়ার কথা ছিল। সেখানে গেলাম না। এখানে এলাম। এটা আমার ভালোবাসার জায়গা। আর ভালোবাসার জায়গাতেই তো সবার আসতে মন চায়।”
“তবে এখন আর মন চাইলেও শরীরে কুলায় না। মন চায় এক, শরীর চায় আরেক। তাই ইচ্ছে করলেও বেশিক্ষণ খেলতে পারি না।”, যোগ করেন তিনি।
চাইলেই কিন্তু লুসাইদের প্রাণের চাওয়া পূরণ করতে পারে ফেডারেশন-প্রতি বছর বিজয় দিবসে আয়োজন করতে পারে এমন মিলন মেলা। সঙ্গে বর্তমান খেলোয়াড়দের ডাকলে হকির অতীত আর বর্তমানের একটা মেলবন্ধনও হয়ে যেতে পারে।
ফেডারেশন দল: শফিক, নেসার, মহসিন, বশির আহমেদ, মীর মঞ্জুর আহমেদ, আকতার, খাজা রহমতউল্লাহ, মনোয়ার হোসেন, আলমগীর আলম, জামিল পারভেজ লুলু, আনোয়ার হোসেন খান, হোসেন ইমাম চৌধুরী শান্টা, জাহিদ হোসেন রাজু, ইউসুফ আলী, পাপ্পু, গোবিনাথান কৃষ্ণমুর্তি, আব্দুর রশিদ খান সোলেমান।
সভাপতি দল: আনভীর আদিল খান (জিকে), জুম্মন লুসাই, এসএম নুর হোসেন, আকিল, এহসান নাম্মি, জামিল এ নাসের, ফজলুল হক, কাজী আবু জাফর তপন, মোস্তাক, মাহবুব হারুন, নুরুল আমিন, রফিকুল ইসলাম কামাল, বায়জিদ হায়দার, কামরুল ইসলাম কিসমত, হাসান আলি, রমিজ উদ্দিন।
