২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা থেকে ফিরলেন হতাশ মামুনুল

জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম। ইন্ডিয়ান সুপার লিগের দল আতলেতিকো দি কলকাতার এই মিডফিল্ডার ফিরেছেন একরাশ হতাশা নিয়ে।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 07:16 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মামুনুলের দল সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে। কিন্তু কলকাতার এই অভিযানে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি মামুনুলের। এখন পর্যন্ত আইএসএলের পুরোটা সময় বেঞ্চ গরম করেই কেটেছে তার। দেশে ফিরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামুনুল বলেন, তার হতাশার কারণ এটাই।

“অনেক ভালো প্রস্তুতি নিয়েও কলকাতার হয়ে খেলতে পারিনি। এটা অবশ্যই দুঃখের ও হতাশার।”

দেশে নিজের ভক্ত-সমর্থকদের জন্যও খারাপ লেগেছে মামুনুলের।

“জানি, আমার খেলা দেখার আশায় দেশে সবাই টিভির দিকে তাকিয়ে ছিল। আমিও খেলার অনেক আশা নিয়ে সেখানে গিয়েছিলাম।”

আইএসএল অভিযানে অম্লের পাশাপাশি কিছু মধুর অভিজ্ঞতাও আছে মামুনুলের। বড় সব খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাতে পারাকেও ক্যারিয়ারের বিরাট এক অর্জন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

“অনেক নামী-দামী খেলোয়াড়ের সঙ্গে থাকার অভিজ্ঞতাও কম নয়। তাছাড়া ফিটনেস ধরে রাখার জন্য ভালোভাবে অনুশীলনের সুযোগ পেয়েছি। ওদের ওখানে অনুশীলনের সুযোগ-সুবিধা অনেক। দুঃখের অভিজ্ঞতা যেমন আছে, তেমনি ভালো অভিজ্ঞতাও আছে।"

নামী-দামী খেলোয়াড়দের থেকে অনেক পরামর্শ পেয়েছেন মামুনুল। আর এটাকে তিনি দেশের হয়ে খেলার সময় কাজে লাগাতে চান। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচেও এটা কাজে লাগবে বলে মনে করেন তিনি।

“এই অভিজ্ঞতা আর পরামর্শগুলো জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে কাজে লাগাতে চাই।”

সোমবার রাতে ভারত থেকে দেশে ফেরেন মামুনুল। পরদিনই জাতীয় দলের সতীর্থদের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে প্রস্তুতিতে নেমে পড়েন তিনি।

জাপানের অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে বাংলাদেশের একমাত্র প্রীতি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার। মামুনুল নিজেদের মাঠে অতিথি দলটিকে হারানোর ব্যাপারে আশাবাদী।

“এশিয়ার ফুটবলের অন্যতম সেরা দেশ জাপান। ওদের যে দলটাই আসুক না কেন, তারা অনেক ভালো। তবে আমরাও নিজেদের মাঠে খেলব। এখানকার সবকিছুই আমাদের পরিচিত। নিজেদের সেরাটা খেলতে পারলে তাদের হারাতে পারব বলে আশা করি।”