২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপভোগ্য ফুটবল খেলতে চায় জাপান

প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে পৌঁছে সম্প্রীতির কথাই বলেছেন জাপান অনূর্ধ্ব-২১ ফুটবল দলের কোচ তেগুরামোরি মাকোতো। বাংলাদেশের সঙ্গে সফরের একমাত্র প্রীতি ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলবে জাপান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 04:51 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মাকোতো বলেন, “বাংলাদেশে এসে আমরা খুবই আনন্দিত। এখানে উপভোগ্য ফুটবল খেলতেই এসেছি।”

বিমানবন্দরে জাপান দলকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও ডিআইজি মারুফ হাসান। আর বিমানবন্দর কতৃপক্ষ অতিথি দলকে বিজয় দিবসের স্মারক উপহার দেয়।

মাকোতো জানান, জাপানের এই যুব দলটি ২০১৬ সালের অলিম্পিক সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে।

“অলিম্পিকের প্রস্তুতি শুরু করেছি আমরা। রিওর অলিম্পিকই আমাদের লক্ষ্য। বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর আমরা মালয়েশিয়াতে যাব। সেখানে অলিম্পিকের বাছাই পর্বের ম্যাচ খেলব।”, যোগ করেন তিনি।

এ বছর দক্ষিণ কোরিয়ার এশিয়ান গেমসে অংশ নেয় জাপানের এই অনূর্ধ্ব-২১ দলটি। কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় তারা। এশিয়ান গেমসের পর থাইল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে জাপান; ম্যাচটি ২-০ গোলে জেতে তারা।

জাপান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষের প্রীতি ম্যাচের জন্য এরই মধ্যে ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।