২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকে বিদায় বললেন অঁরি

২০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন থিয়েরি অঁরি। মঙ্গলবার ফুটবলকে বিদায় বলে দিলেন ফ্রান্সের সাবেক স্ট্রাইকার। আগামী বছরের প্রথম দিন থেকে স্কাই স্পোর্টসের ফুটবল পণ্ডিত হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন আর্সেনালের সাবেক তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 03:17 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

৩৭ বছর বয়সী অঁরি ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচ খেলে ৫১টি গোল করেন। দেশের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। ক্লাব ফুটবলে মোনাকো, আর্সেনাল, বার্সেলোনা ও নিউ ইয়র্ক রেড বুলসের হয়েও শিরোপা জেতেন অঁরি।

নিজের ক্যারিয়ারটা বেশ ভালোভাবেই উপভোগ করেন ইউভেন্তুসের সাবেক স্ট্রাইকার।

"দারুণ এক যাত্রা ছিল এটি। আমার খেলার সময়টায় মোনাকো, ইউভেন্তুস, আর্সেনাল, বার্সেলোনা, নিউ ইয়র্ক রেড বুলস এবং অবশ্যই ফ্রান্স জাতীয় দলের সঙ্গে সম্পর্কিত সবাইকে, সতীর্থ ও ভক্তদের আমি ধন্যবাদ জানাতে চাই।"

চার বছরের চুক্তি শেষে এই মাসের গোড়ার দিকে মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক রেড বুলস ছাড়েন অঁরি। মঙ্গলবার তিনি স্কাই স্পোর্টসের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানান।

উইঙ্গার হিসেবে ক্যারিয়ার শুরু করা অঁরি আর্সেনালে নাম লেখানোর পর স্ট্রাইকার হয়ে যান। ইউভেন্তুস থেকে আর্সেনালে যোগ দেয়ার পর কোচ আর্সেন ভেঙ্গারই তাকে স্ট্রাইকার হিসেবে খেলাতে শুরু করেন। এ সময়টাতেই ইউরোপের ভয়ঙ্করতম স্ট্রাইকারদের একজনে পরিণত হন তিনি। আর্সেনালের হয়ে দুই মেয়াদে খেলে ২২৮ গোল করেন অঁরি। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে জেতেন দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। এরপর বার্সেলোনায় নাম লেখান। স্পেনের ক্লাবটির হয়ে দুটি লা লিগা শিরোপার সঙ্গে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ জেতেন অঁরি।