২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শেষ ষোলোতে দেখা বার্সা-ম্যান সিটির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। শেষ ষোলোতে স্পেনের দলটি খেলবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির সঙ্গে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 06:27 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

গত আসরেও কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সিটির মুখোমুখি হয়েছিল বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে; বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে জার্মানির শালকের বিপক্ষে।

সোমবার সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।

গত মৌসুমে সিটির বিপক্ষে দুই লেগের লড়াইয়ে ৪-১ গোলে জিতে শেষ আটে ওঠে লিওনেল মেসিরা। তাই এবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে।

গ্রুপ পর্বে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপের চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। আর ৮ পয়েন্ট পেয়ে 'ই' গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে শেষ ষোলোতে ওঠে সিটি।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার লড়াইয়ে নকআউট পর্বে খেলবে সিটি। আর বার্সেলোনা চারবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে।

রিয়ালও গত মৌসুমের সেরা ষোলোর প্রতিপক্ষই পেয়েছে; ওই আসরে বুন্দেসলিগার দল শালকেকে দুই লেগ মিলে ৯-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে ইউরোপের সফলতম দলটি। সেবার ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে প্রতিযোগিতার দশম শিরোপা জেতে ক্রিস্তিয়ানো রোনালদোরা।

গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের সেরা হয় রিয়াল। আর ৮ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপের রানার্সআপ হয় শালকে।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোতে সবচেয়ে বড় লড়াইয়ের জন্ম দিয়ে মুখোমুখি হচ্ছে ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও ইংল্যান্ডের ক্লাব চেলসি।

গ্রুপ পর্বে অপরাজিত থেকে ১৪ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপের সেরা হয় চেলসি। আর ১৩ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপের রানার্সআপ হয় পিএসজি।

কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে ইতালির সফলতম দল ইউভেন্তুস ও জার্মানির অন্যতম জনপ্রিয় দল বরুসিয়া ডর্টমুন্ডের লড়াইটাও উত্তাপ ছড়ানোর মতো।

১০ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের রানার্সআপ হয় ইতালির শীর্ষ লিগ সেরি আর বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস। আর ১৩ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের চ্যাম্পিয়ন হয় ২০১২-১৩ মৌসুমের রানার্সআপ বরুসিয়া।

সেরা ষোলোতে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের বিপক্ষে। আর গতবারের রানার্সআপ আতলেতিকো মাদ্রিদ লড়বে জার্মানির বায়ের লেভারকুজেনের বিপক্ষে।

শেষ ষোলোর বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের আর্সেনাল ও ফ্রান্সের মোনাকো এবং পর্তুগালের পোর্তো ও সুইজারল্যান্ডের বাসেল।