২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউতে বিধ্বস্ত লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারাতেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ লিভারপুলকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লুইস ফন গালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 10:02 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

এই নিয়ে টানা ছয় ম্যাচে জিতলো বাজেভাবে লিগ শুরু করা ইউনাইটেড। আর এবারের লিগে লিভারপুলের এটা সপ্তম হার।

অনেক দিন ধরেই চোট সমস্যায় জর্জরিত ছিল ইউনাইটেড। তার প্রভাব পড়েছিল দলটির পারফরম্যান্সেও। তবে ব্যর্থতার গণ্ডি পেরিয়ে বেশ কিছুদিন হলো ছন্দে ফিরেছে তারা। লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে লিগে টানা পাঁচটি জয়ের আত্মবিশ্বাস ছিল দলটির।

তারপরও চোটের কারণে তারকা আনহেল দি মারিয়া না থাকায় কিছুটা দুশ্চিন্তা হয়তো ছিল স্বাগতিক সমর্থকদের। সব দুশ্চিন্তা পেছনে ফেলে রোববার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দ্বাদশ মিনিটেই ওয়েইন রুনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড।

ডি বক্সের ডান দিক থেকে ইকুয়েডরের মিডফিল্ডার আন্তোনিও ভালেন্সিয়ার ডিফেন্স চেরা পাস পেয়ে ডান পায়ের জোরালো শটে ১৬ গজ দূর থেকে বল জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার রুনি।

এগিয়ে যাওয়ার পর ইউনাইটেড আক্রমণে আরো মনোযোগী হয়। বেশ কয়েকটা সুযোগও পায় তারা। কিন্তু গোলের দেখা মিলছিল না। তবে ৪০তম মিনিটে হুয়ান মাতার হেডে ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা।

ডি বক্সের বাঁদিক থেকে দারুণ একটা ক্রস দিয়েছিলেন অ্যাশলে ইয়াং। লাফিয়ে উঠে বল-এ মাথা ছোঁয়ান রবিন ফন পের্সি কিন্তু তাতে এর গতিপথ খুব একটা পাল্টায়নি। বল আয়ত্বের মধ্যে পেয়ে হেড করে অনায়াসে লক্ষ্যভেদ করেন স্পেনের মিডফিল্ডার মাতা।

২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতির পর খেলতে নামা লিভারপুল গোল পেতে মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মারিও বালোতেল্লিকে নামান কোচ ব্রেন্ডন রজার্স।

একের পর এক আক্রমণও করতে থাকে লিভারপুল। ৫০তম মিনিটে দারুণ একটা সুযোগও পেয়ে যায় তারা, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন রাহিম স্টার্লিং। তার দুর্বল শটটি সহজেই ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়া।

৬৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড, কিন্তু ছয় গজ দূর থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন ডাচ স্ট্রাইকার পের্সি।

৬৬তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় অতিথিরা। কিন্তু ১২ গজ দূর থেকে নেয়া মারিও বালোতেল্লির প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন দে হেয়া। ভাগ্যও ইউনাইটেডের সহায় ছিল, দে হেয়া ঠেকানোর পরও বলটি বারে লাগে।

এরপর ৭১তম মিনিটে কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন পের্সি। লিভারপুলের ক্রোয়াট ডিফেন্ডার দেয়ান লোভরেনের ভুলে গোলটি পায় ইউনাইটেড।

রুনির কোনাকুনি পাস ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন লোভরেন। তার পায়ে লেগে বল চলে যায় ইউনাইটেডের মাতার কাছে। বল পেয়ে তিনি আড়াআড়ি পাস দেন পের্সিকে। ফাঁকায় বল পেয়ে ডান দিক থেকে গোলরক্ষককে পরাস্ত করেন নেদারল্যান্ডসের এই তারকা।

বাকি সময়ে লিভারপুল ব্যবধান কমানোর কয়েকটা সুযোগ পেলেও বালোতেল্লি-স্টার্লিংদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই জয়ে ১৬ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ৩১, তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে এক এবং দুই নম্বরে থাকা চেলসির ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট যথাক্রমে ৩৯ ও ৩৬।

১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিভারপুল।